ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৮ নভেম্বর, ২০১৭ ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে ছবি দিয়ে তা নিশ্চিত করেছেন আফ্রিদি।
বিপিএলে এখন পর্যন্ত মাত্র ২টি ম্যাচ খেলেছে ঢাকা ডায়নামাইটস। সিলেট পর্বে ২টি ম্যাচের মধ্যে ১টিতে জয় ও ১টি হারের স্বাদ নেয় তারা। স্বাগতিক সিলেট সিক্সার্সের কাছে হারলেও খুলনা টাইটান্সকে হারায় ঢাকা।
ঢাকা ডায়নামাইটসের হয়ে ইতোমধ্যে মাঠ মাতিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড, সুনীল নারিন, এরভিন লুইস, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্ট।
আগামী ১১ নভেম্বর থেকে শুরু হবে ঢাকা পর্ব। ঐ দিন দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় সিলেট সিক্সার্সের মুখোমুখি হবে ঢাকা।


























