spot_img

বিচারপতি সিনহা বিবৃতিতে সত্য বলে গেছেন: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৪ অক্টোবর, ২০১৭ ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান বিচারপতির বিবৃতির মধ্যে সত্য কথাগুলোই বেরিয়ে আসছে, তিনি সত্য কথাগুলোই বলে দিয়েছেন। তিনি বলেছেন, সরকারকে ভুল বোঝানো হয়েছে। কারা ভুল বোঝাচ্ছেন এবং ছুটি নিতে কারা তাকে বাধ্য করছে। বিচার বিভাগে সরকার সরাসরি হস্তক্ষেপ করছে। বিচার বিভাগ এখন আর একেবারেই স্বাধীন থাকল না।

প্রধান বিচারপতি সুরন্দ্রে কুমার (এস কে) সিনহা বলেছেন, ‘সরকার উচ্চ আদালতে হস্তক্ষেপ করছে’-এমন বক্তব্যে বিএনপির আশঙ্কাই সত্য প্রমাণ হয়েছে। ফখরুল বলেন, প্রমাণিত হয়ে গেল প্রধান বিচারপতি অসুস্থ ছিলেন না, তিনি সুস্থ ছিলেন। প্রমাণিত হয়ে গেল তাকে ছুটি নিতে বাধ্য করা হয়েছে।

প্রধান বিচারপতির অস্ট্রেলিয়া যাওয়া প্রসঙ্গে শনিবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী,  কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, মুনির হোসেন, কাজী আবুল বাশার, রফিকুল ইসলাম রাসেল, সাইফুল ইসলাম পটু প্রমুখ।

প্রধান বিচারপতি ছুটিতে যাওয়ার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওয়াহহাব মিঞ্চার সঙ্গে বৈঠকের পর আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যকে বিচার বিভাগের ওপর সরকারের হস্তক্ষেপের ইঙ্গিত দেয় বলে মনে করেন ফখরুল।

তিনি বলেন, “কয়েক ঘণ্টার বৈঠক থেকে বেরিয়ে আইনমন্ত্রী বলেছেন, বিচার বিভাগ কীভাবে চলবে, বিচার বিভাগের কর্মকর্তাদের নিয়োগ-এসব ব্যাপারে আমরা আলাপ করেছি। এটা ডাইরেক্ট ইন্টারভেনশন ইন জুডিশিয়ারি।”
সম্প্রতি তিনটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পেছনেও সরকারের প্রভাব রয়েছে বলে অভিযোগ ফখরুলের।
তিনি বলেন, “আইন বলছে, উচ্চ আদালতে কোনো মামলা পেন্ডিং থাকলে নিম্ন আদালতে ওই মামলার কার্যক্রম আপাতত স্থগিত থাকবে। কিন্তু ওই ঘটনার (প্রধান বিচারপতির ছুটিতে যাওয়া) পর দেখা যাচ্ছে, বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের হস্তক্ষেপ। দেশনেত্রীর বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারিতে সরকারের উদ্দেশ্য স্পষ্ট। তারা দ্রুত ওই সব মিথ্যা মামলার নিষ্পত্তি করতে চায় এবং প্রধান বিরোধী দলের জনপ্রিয় নেত্রীকে সাজা দিতে চায়।”

আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ‘দেউলিয়া হয়ে গেছে’ বলেই বিচার বিভাগের বিরুদ্ধে এ ধরনের কাজ করছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ