ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৭ আগষ্ট, ২০১৭ ।

বাংলাদেশ সফরে দুই টেস্টের সিরিজে অস্ট্রেলিয়া দলের স্পিন বোলিং বিভাগ নিয়ে রহস্য থেকে যাচ্ছে। কেননা ডারউইনে তিন দিনের প্রস্তুতি ম্যাচ শেষে এ বিষয়ে মুখে কুলুপ এটে আছেন দলটির কোচ ড্যারেন লেহম্যান।
এ সফরের জন্য সেরা একাদশে দুটি বিকল্প বাঁ-হাতি স্পিনার এ্যাস্টন আগার এবং ফর্মে না থাকা স্টিভ ও’কেফির জায়গায় নতন মুখ মিচেল সোয়েপসন রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। ডারউইনে সদ্য সমাপ্ত প্রস্তুতি ম্যাচের শেষ দিন চার উইকেট শিকার করায় নাথান লিঁওর সঙ্গী হিসেবে শক্ত অবস্থানে আছেন আগার। তবে এ বিষয়ে কোন কথা বলছেন না লেহম্যান।
লেহম্যান বলেন, ‘প্রস্তুতি ম্যাচের শেষ দিন সে (আগার) খুবই ভাল বোলিং করেছে। অবশ্যই সে আমাদের সফর সঙ্গী। সুতরাং বিষয়টি আপনাকে বুঝতে হবে এবং সোয়েপসনও নিশ্চিতভাবেই দলে আছে।’
৪৭ বছর বয়সী লেহম্যান আরো বলেন, ‘আমি মনে করছি জন হল্যান্ডও আজ খুব ভাল বোলিং করেছে। সুতরাং আমাদের স্পিন বিভাগের গভীরতা বাড়ছে, যা খুবই গুরুত্বপূর্ণ।’
শেফিল্ড শিল্ডে দারুন পারফরমেন্স করার পাশাপাশি অনুশীলন ম্যাচে ১১ বলে ১ রানে ৪ উইকেট নেয়া সত্বেও বাংরাদেশ ও এরপর ভারত সফরের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দলে জায়গা পাননি হল্যান্ড।
লেহম্যান বলেন, ‘আমরা বেশ ভালভাবেই জানি যে সে একজন মান সম্পন্ন বোলার। তবে দিন শেষে আপনিতো ১৪ জনকেই দলে রাখতে পারবেন। দলে সুযোগ পাওয়ার মত কাজটি সে করেছে, তাতেতো আদৌ কোন ক্ষতি হয়নি। অবশ্যই তাকে সামনে এগিয়ে যেতে হবে। তার উইকেট নেয়া দেখে সত্যিই আমি খুব খুশি হয়েছি।’
বাংলাদেশের স্পিন সহায়ক কন্ডিশন বিবেচনায় রেখে বিকল্প হিসেবে পার্ট টাইমার গ্লেন ম্যাক্সওয়েলকেও ব্যবহার করতে পারেন অধিনায়ক স্টিভ স্মিথ।
আগামীকাল ঢাকার উদ্দেশ্যে রওনা হবে অস্ট্রেলিয়া দল এবং ২৭ আগস্ট ঢাকাতে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অসিরা।


























