ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ০৫ অক্টোবর, ২০১৭ ।

শুক্রবার ব্লয়েমফন্টেইনের মাঙ্গাউং ওভালে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ। প্রায় নয় বছর পর আবারো ব্লয়েমফন্টেইনে অনুষ্ঠিত হবে টেস্ট ম্যাচ। সর্বশেষ এই ভেন্যুতে টেস্ট হয়েছিলো ২০০৮ সালের ১৯ নভেম্বর। ঐ টেস্টটিও ছিলো বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার। তাই বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার টেস্ট দিয়ে আবারো ব্লয়েমফন্টেইনে ফিরছে বড় ফরম্যাটের লড়াই।
ব্লয়েমফন্টেইনে এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে চারটি টেস্ট। সবক’টি টেস্টটি জিতেছে দক্ষিণ আফ্রিকা। তাই এটি প্রোটিয়াদের জন্য ‘লাকি ভেন্যু’ হিসেবেই পরিচিত। এজন্য লাকি ভেন্যুতে নিজেদের সেরাটা বাংলাদেশের বিপক্ষেও দিতে মরিয়া দক্ষিণ আফ্রিকা।
১৯৯৯ সালে ব্লয়েমফন্টেইনে প্রথম টেস্ট ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টটি ইনিংস ও ১৩ রানে জিতে তারা। এ টেস্টটিতে প্রোটিয়াদের নেতৃত্ব দিয়েছিলেন হ্যান্সি ক্রোনিয়েকে।
পরের বছর নিউজিল্যান্ডের বিপক্ষে এখানে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকা। অবশ্য ঐ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন পেসার শন পোলক। আর ম্যাচটি প্রোটিয়ারা জিতেছিলো ৫ উইকেটে।
এই ভেন্যুতে ২০০১ সালে ভারতের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমেও জয়ের স্বাদ পায় দক্ষিণ আফ্রিকা। ৯ উইকেটের ব্যবধানে ম্যাচটি জিতেছিলো তারা।
২০০১ সালের পর এই ভেন্যুতে কোন টেস্ট খেলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। তবে দীর্ঘ সাত বছর পর আবারো ব্লয়েমফন্টেইনে খেলতে নামে দক্ষিণ আফ্রিকা। এবার তাদের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু স্বাগতিকদের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে পারেনি মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন দলটি। তাই চারদিনের মধ্যে ইনিংস ও ১২৯ রানের বড় ব্যবধানে হারের ঢেকুঁর তুলে বাংলাদেশ।
ব্লয়েমফন্টেইনে সর্বোচ্চ দলীয় স্কোর দক্ষিণ আফ্রিকার। ২০০১ সালে ভারতের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৫৬৩ রান করেছিলো প্রোটিয়ারা। এই ভেন্যুতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ১৫৯ রান।
এই ভেন্যুতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি দক্ষিণ আফ্রিকার জক ক্যালিসের। ২০০০ সালে নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬০ রান করেন ক্যালিস। ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মত এখানে সবচেয়ে বেশি রান করেছেন ক্যালিস। ৪ ম্যাচের ৬ ইনিংসে ৩৪২ রান করেন তিনি। ১টি সেঞ্চুরির পাশাপাশি ২টি হাফ-সেঞ্চুরিও করেছেন ক্যালিস।
ব্লয়েমফন্টেইন সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন দক্ষিণ আফ্রিকার শন পোলক। ৩ ম্যাচের ৬ ইনিংসে ২১ উইকেট নেন তিনি। এখানে সেরা বোলিং ফিগারও পোলকের। ২০০১ সালে ভারতের বিপক্ষে ৫৬ রানে ৬ উইকেট নেন এই ডান-হাতি পেসার।


























