ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৬ আগষ্ট, ২০১৭ ।

বাংলাদেশ সেনাবাহিনীতে বহু প্রতীক্ষিত সেলফ প্রপেলড (এসপি) গান ও ট্যাঙ্ক-ধ্বংসী মেটিস এম-ওয়ান ক্ষেপণাস্ত্র যুক্ত হয়েছে। এর মধ্য দিয়ে সেনাবাহিনী এক নতুন যুগে প্রবেশ করল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
সম্প্রতি টারমাক এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র এসপি ইউনিট আর্টিলারি কোরের ১১ এসপি রেজিমেন্ট আর্টিলারিকে সার্বিয়ার তৈরি ১৫৫ মিলিমিটার নোরা বি-৫২ এসপি গান এবং বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কাছে রাশিয়ার তৈরি মেটিস এম-ওয়ান ক্ষেপণাস্ত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এছাড়াও চিনের তৈরি ট্যাঙ্ক-ধ্বংসী অস্ত্র পিএফ-৯৮ ও তুরস্কের তৈরি হালকা সাঁজোয়া যান ইনফ্যান্ট্রি রেজিমেন্ট এবং সাউন্ড রেঞ্জিং ইকুইপমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের লোকেটিং উইংয়ের কাছে হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, অত্যাধুনিক কামান, মিসাইল, সাঁজোয়া যান ও সরঞ্জামাদি যুক্ত হওয়ার ফলে গোলন্দাজ ও পদাতিক কোর তথা বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্যের মনোবল অনেকাংশে বৃদ্ধি পাবে। তিনি বলেন, ‘আমি মনে করি, এ সকল অত্যাধুনিক সরঞ্জাম সংযোজন ফোর্সেস গোল-২০৩০ অর্জনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করবে।’
//কেকে২৪৭


























