ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৬ আগষ্ট, ২০১৭ ।

বন্যাকবলিত মানুষের খোঁজ নিতে ও ত্রাণ বিতরণ করতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৬ আগস্ট) সকাল ১০টা ৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টার গোবিন্দগঞ্জের বোয়ালীয়ায় অবতরণ করে। সেখানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারাও প্রধানমন্ত্রী সঙ্গে রয়েছেন। ত্রাণ বিতরণ করার পর স্থানীয় রাজনীতিক নেতা, সুধী সমাজ ও বন্যা ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
গাইবান্ধার জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল জানিয়েছেন, বন্যাকবলিত মানুষদের সরকার ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে। মাননীয় প্রধানমন্ত্রী বন্যার্তদের খোঁজ নিতে আসছেন ও তাদের ত্রাণ দিবেন। প্রধানমন্ত্রীর সফর সফলে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এরপর বিকালে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে সারিয়াকান্দি হাইস্কুল মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ বিতরণ করবেন তিনি। পরে সারিয়াকান্দি ডিগ্রি কলেজ হলরুমে রাজনৈতিক নেতা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বন্যা ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।


























