ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ১৩ জুলাই, ২০১৭ ।

রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও তার দুই বন্ধুসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে চাঞ্চল্যকর বিচার শুরু হলো।
বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শফিউল আজম অভিযোগ গঠন করে বিচারিক প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন।
এসময় আসামিদের বিরুদ্ধে সাক্ষী গ্রহণের জন্য আগামী ২৪ জুলাই তারিখ নির্ধারণ করেন আদালত।
৮ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিম দোলোয়ার হোসেনের আদালতে সাফাতসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোপত্র (চার্জশিট) দাখিল করেন তদন্ত কর্মকর্তা পুলিশের নারী সহায়তা ও তদন্ত বিভাগের পরিদর্শক ইসমত আরা এমি। অভিযোগপত্রে ৪৭ জনকে সাক্ষী করা হয়েছে।
অভিযুক্ত পাঁচজন হলেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, তার বন্ধু সাদমান সাকিফ, নাঈম আশরাফ, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী।


























