spot_img

ফারমার্স ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে মখা আলমগীরের পদত্যাগ

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৭ নভেম্বর, ২০১৭ ।

ঋণ কেলেঙ্কারি ও অব্যবস্থাপনা নিয়ে চাপের মুখে ফারমার্স ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। ব্যাংকটির পরিচালনা পর্ষদ ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মহীউদ্দীন খান আলমগীরের পাশাপাশি অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীও পদত্যাগ করেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের বিশেষ সভায় এসব সিদ্ধান্ত হয়। সভাতেই নতুন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ ব্যাংকটির নির্বাহী কমিটি, নিরীক্ষা কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ফারমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদ ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মহীউদ্দীন খান আলমগীরের পাশাপাশি অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগপত্র পরিচালনা পর্ষদ গ্রহণ করেছে। নতুন চেয়ারম্যান নতুন চেয়ারম্যান হয়েছেন পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ মাসুদ।

একইসঙ্গে ব্যাংকটির নির্বাহী কমিটি, অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের কথাও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংকের আমানতকারী এবং আন্তঃব্যাংক লেনদেনে অংশগ্রহণকারী সব পক্ষকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার জন্য আহ্বান করা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির ওপর নজরদারি অব্যাহত রাখছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত রোববার রাতে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শামীমকে কেন অপসারণ করা হবে না, তা জানতে সাত দিনের সময় বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ