spot_img

অলরাউন্ড নৈপুণ্যে রাজশাহীকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে খুলনা

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৭ নভেম্বর, ২০১৭ ।

ব্যাটসম্যানদের মারমুখী ব্যাটিং-এর পর পেসার শফিউল ইসলামের ৫ উইকেট শিকারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে চট্টগ্রাম পর্বের ষষ্ঠ ও টুর্নামেন্টের ৩০তম ম্যাচে রাজশাহী কিংসকে ৬৮ রানে হারিয়েছে খুলনা টাইটান্স। এই জয়ে আবারো এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো খুলনা। ৯ খেলায় ৬ জয়ে ১৩ পয়েন্ট তাদের। ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে নেমে গেলো ঢাকা ডায়নামাইটস। সমানসংখ্যক ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানেই থাকলো গতবারের রানার-আপ রাজশাহী।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে খুলনা টাইটান্সকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানায় রাজশাহী কিংস। দলীয় ২৮ রানে প্রথম উইকেট হারায় খুলনা। ৬ রান করে ফিরেন দক্ষিণ আফ্রিকার রিলি রোসৌ।

এরপর রাজশাহীর বোলারদের বিপক্ষে চড়াও হন ওপেনার নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেন। দ্বিতীয় উইকেটে ২৭ বলে ৪৫ রান যোগ করেন তারা। ৫টি চার ও ২টি ছক্কায় ৩১ বলে ৪৯ রান করে থামেন শান্ত।

চার নম্বরে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ১ রান করে আউট হন তিনি। অধিনায়কের বিদায়ের পর ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানকে নিয়ে রানের চাকা দ্রুতই ঘুরিয়েছেন আফিফ। মাত্র ৪৩ বল মোকাবেলা ৮৮ রান যোগ করেন পুরান ও আফিফ। এতেই বড় সংগ্রহের পথ পেয়ে যায় খুলনা।

৬টি চার ও ৩টি ছক্কায় ২৬ বলে ৫৭ রান করে ফিরেন পুরান। তবে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন আফিফ। ৫টি ছক্কায় ৩৮ বলে অপরাজিত ৫৪ রান করেন তিনি। শেষদিকে ওয়েস্ট ইন্ডিজের ক্রেইগ বার্থওয়েটের ৩টি করে চার ও ছক্কায় ১৪ বলে ৩৪ রানের কল্যাণে ৫ উইকেটে ২১৩ রান পায় খুলনা। এবারের আসরে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। রাজশাহীর নিউজিল্যান্ডের জেমস ফ্রাঙ্কলিন ৩ উইকেট নেন।

২১৪ রানের বড় টার্গেটে যেভাবে শুরু উচিত ছিলো রাজশাহীর, সেভাবে করতে পারেনি তারা। ১৩ রানের মধ্যেই রাজশাহীর দুই ওপেনারকে ফিরিয়ে দেন খুলনার পেসার শফিউল। এরপর খেলায় ফেরার চেষ্টা করেছিলো রাজশাহী। কিন্তু খুলনার বোলারদের সামনে দাড়াতেই পারেনি তারা। ফলে ১ ওভার বাকি থাকতেই ১৪৫ রানে গুটিয়ে যায় রাজশাহী। দলের পক্ষে রনি তালুকদার ৩৬, মিরাজ ২৯ ও জাকির হোসেন ১৯ রান করেন।

শুরুতেই ২ উইকেট নেয়ার পর পরবর্তীতে আরও ৩ উইকেট নেন শফিউল। ম্যাচ শেষে তার বোলিং ফিগার ছিলো ৪ ওভার ২৬ রান ৫ উইকেট। টি-২০ ক্যারিয়ারে ও বিপিএলে প্রথমবারের মত ৫ উইকেট নিলেন শফিউল। ম্যাচের সেরা হয়েছেন খুলনা টাইটান্সের পুরান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ