spot_img

প্রধান বিচারপতি বিষয়ে সরকারের কোন ভূমিকা নেই : এটর্নি জেনারেল

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৪ অক্টোবর, ২০১৭ ।

এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস, কে) সিন্হা বিষয়ে সরকারের কোন ভূমিকা নেই।

আজ সন্ধ্যায় তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহবুবে আলম বলেন, দেশবাসীর জানা উচিৎ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস, কে) সিন্হার বিষয়ে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হওয়ায় তার সহকর্মীরাই তার সঙ্গে বেঞ্চে বসতে চায়নি। এতে সরকারের কোন ভূমিকা নেই।

তিনি বলেন, প্রধান বিচারপতি গতকাল বিদেশ যাওয়ার প্রাক্কালে যে বিবৃতি দিয়েছেন তা সুপ্রিমকোর্টের দৃষ্টিগোচর হওয়ায় আজ সুপ্রিমকোর্ট বিষয়টি নিয়ে একটি বিবৃতি দিয়েছে। তাতেই সব কিছু স্পষ্ট হয়েছে। ফলে প্রধান বিচারপতির ছুটি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন মহল যে বক্তৃতা বিবৃতি দিচ্ছিল তার অবসান হবে। এখন আর এ বিষয়ে বিতর্কের কোন সুযোগ নেই। সুপ্রিমকোর্টের আজকের বিবৃতির পর প্রধান বিচারপতির ছুটি নিয়ে আর কারো কোন কর্মসূচি পালন করা উচিৎ হবে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এটর্নি জেনারেল বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস, কে) সিন্হা বিষয়ে অভিযোগ আইনশৃংখলা বাহিনী এবং রাষ্ট্রপতি বিস্তারিত জানেন। রাষ্ট্রপতি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস, কে) সিন্হা বিষয়ে ১১টি সুনির্দিষ্ট অভিযোগসংবলিত দালিলিক তথ্যাদি আপিল বিভাগের অন্য বিচারপতির কাছে হস্তান্তর করেন। এ নিয়ে আপিল বিভাগের অন্য বিচারপতিগণের বিষয় আজ সুপ্রিমকোর্টের বিবৃতিতে উল্লেখ রয়েছে।

মাহবুবে আলম বলেন, বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী রায় অনুযায়ি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কনসেপ্ট আমরা মেনে নেইনি। এ নিয়ে রায় রিভিউ আবেদনের প্রস্তুতি নেয়া হচ্ছে।

মাহবুবে আলম বলেন, প্রধান বিচারপতি এস, কে সিন্হা নিজেই বলেছেন তিনি স্বেচ্ছায় বিদেশ যাচ্ছেন। এ নিয়ে বিতর্কের কোন সুযোগ নেই। তবে যাওয়ার প্রাক্কালে দেয়া এক বিবৃতিতে প্রধান বিচারপতি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এখতিয়ার বিষয়ে যে কথা বলেছেন এটা ঠিক নয়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শুধু রুটিন কাজ করতে পারেন বলে প্রধান বিচারপতির বক্তব্য সঠিক নয়।

একজন দীর্ঘসময় ছুটিতে থাকবেন আর তার জন্য সব কাজ থেমে থাকবে এটা কোন বিধানে নেই। তাই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এখতিয়ার নিয়ে কোনরূপ সংশয় নেই। সুপ্রিমকোর্ট প্রশাসনসহ বিচার বিভাগের যাবতীয় কার্যক্রমের সম্পূর্ণ দায়িত্ব সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুসারে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির বলেও মন্তব্য করেছেন এটর্নি জেনারেল জানান।

প্রধান বিচারপতি ফিরে আসার পর বিচারিক কাজে অংশ নেয়া বিষয়ে এক প্রশ্নে এটর্নি জেনারেল বলেন, তখন যদি তার সঙ্গে অন্য বিচারপতিরা বসতে না চান তাতে অচলাবস্থার সৃষ্টি হবে। বর্তমান প্রেক্ষিতে তার আবার বিচারিক কাজে বসা সুদূর পরাহত বলে মন্তব্য করেন মাহবুবে আলম।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ