spot_img

প্রধান বিচারপতি পদত্যাগে বাধ্য হলে দেশ ধ্বংস হয়ে যাবে: মোশাররফ

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৬ আগষ্ট, ২০১৭ ।

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায়ের পর চলমান টানাপোড়েনে সরকারের চাপে প্রধান বিচারপতি এস কে সিনহা পদত্যাগ করলে বিচার বিভাগ ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বীর উত্তম শহীদ জিয়াউর রহমান’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী নাগরিক দল।

“আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সরকারের চাপে কিংবা একটি দলের চাপে পড়ে যদি প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হয়, তাহলে রাষ্ট্রের যে তৃতীয় স্তম্ভ… অত্যন্ত বিশ্বাসযোগ্য স্তম্ভ- এই বিচার বিভাগ ধ্বংস হয়ে যাবে। বিচার বিভাগ ধ্বংস হয়ে যাওয়া… তার অর্থ হচ্ছে দেশ ধ্বংস হয়ে যাওয়া।”

বিএনপির এই নেতা বলেন, “আমরা মনে করি যে, বিচারালয়কে স্বাধীন রেখে দেশকে অগ্রসর করতে হবে। তা না হলে সাধারণ মানুষের শেষ আশা ভরসার স্থল বিচার বিভাগ… সেটিও সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে।
সরকারের উদ্দেশে তিনি বলেন, আজ আপনারা প্রধান বিচারপতির পদত্যাগ চাচ্ছেন। এদেশের জনগণও আপনাদেরই পদত্যাগ চাইবে- এ সময় বেশি দূরে নয়। সেই  আন্দোলন  বেশি দূরে নয়।

প্রধান বিচারপতি ও সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে সরকারের অবস্থানের সমালোচনা করে খন্দকার মোশাররফ বলেন, সর্বোচ্চ আদালতের কোনো রায়ের বিরুদ্ধে কথা বললে আদালত অবমাননা হয়।

আজ সরকার,সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ও মন্ত্রীরা আদালত অবমাননা করছে -এটা কখনো কেনো দেশের জন্য কাঙ্ক্ষিত নয়। এটা অশনি সংকেত।

প্রধানমন্ত্রী বক্তব্য দিয়ে বিচার বিভাগকে নির্বাহী বিভাগের মুখোমুখি করে দিয়েছেন- এটা কখনও দেশের জন্য মঙ্গলজনক হতে পারে না।

খন্দকার মোশাররফ বলেন, “রায়ে যে অবজারভেশন দেওয়া হয়েছে, এগুলো মানা এই সরকারের নৈতিক দায়িত্ব; যা আপনারা এখন পর্যন্ত অমান্য করছেন। আমি বিশ্বাস করি, এই অন্যায় করার জন্য, সংবিধানকে অশ্রদ্ধা করার জন্য, গণতন্ত্রকে অশ্রদ্ধা করার জন্য, সুপ্রিম কোর্টের আপিল বিভাগকের রায়কে অশ্রদ্ধা করার জন্য জনগণের আদালতের একদিন আপনাদের বিচার হবে।”
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’ শিরোনামে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী নাগরিক দল।
জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি সৈয়দ মো. ওমর ফারুকের সভাপতিত্বে ও মঞ্জুর হোসেন ঈসার পরিচালনায় আলোচনায় অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সুকোমল বড়ুয়া, সাবেক সাংসদ মোহাম্মদ আবদুল গফুর, আতাউর রহমান আঙ্গুর, কেন্দ্রীয় নেতা খালেদা ইয়াসমীন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এবং আইনজীবী জিয়াউদ্দিন জিয়া বক্তব্য রাখেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ