spot_img

প্রধান বিচারপতির ছুটির আবেদন সাংবাদিকদের দেখালেন আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ০৪ অক্টোবর, ২০১৭ ।

 

প্রধান বিচারপতি এস কে সিনহার ছুটিতে যাওয়া নিয়ে দু’দিন ধরে বেশ আলোচনা-সমালোচনা চলছে। এ প্রেক্ষাপটে এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে পাঠানো এস কে সিনহার ছুটির আবেদন সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে আনিসুল হক রাষ্ট্রপতিকে লেখা প্রধান বিচারপতির ওই চিঠিটি প্রথমে পড়ে শোনান।

পরে টেলিভিশনের ক্যামেরার সামনে ওই চিঠি তিনি তুলে ধরেন এবং গণমাধ্যমকর্মীদের চিঠির ছবি তোলার অনুমতি দেন।

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বাসায় অসুস্থ আছেন। গতকাল মঙ্গলবার উনাকে ডাক্তার দেখতে যান। আজকেও ডাক্তার দেখতে যাওয়ার কথা আছে।’

তার এই অসুস্থতা নিয়ে রাজনীতি না করার জন্য বিএনপির প্রতি অনুরোধ জানান আইনমন্ত্রী।

প্রধান বিচারপতিকে জোর করে ছুটিতে পাঠানো হয়েছে- বিএনপির এমন বক্তব্যের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘তিনি অসুস্থ, এটা নিয়ে রাজনীতির কিছু নেই। আসুন আমরা সবাই মিলে বিচারপতি এস কে সিনহার সুস্থতার জন্য দোয়া করি। বিএনপির নেতাদের বলব, আসেন দোয়া করি, উনি যেন সুস্থ হয়ে যান।’

অসুস্থতার জন্য ছুটি নিয়েও বিচারপতি সিনহা কেন হাসপাতালে ভর্তি হননি- এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, “হাসপাতালে কেন ভর্তি হননি, দ্যাট ইজ হিজ প্রবলেম। উনি কেন হাসপাতালে যান নাই তার কারণ তো আমি আপনাকে বলতে পারব না, এটা উনার বলার বিষয়।

“আমি শিগগিরই উনাকে দেখতে যাব, আমি ডাক্তারের ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করছি। ডাক্তারের সাথে আমার কথাবার্তা হচ্ছে, তাকে দেখতে যাওয়ার মত যখন অবস্থা হবে নিশ্চয়ই আমি তাকে দেখতে যাব।”
প্রধান বিচারপতিকে গৃহবন্দি রাখা হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘অবশ্যই না।’
রাষ্ট্রপতি বরাবর লেখা ওই আবেদনে এস কে সিনহা বলেন, ‘আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে আমি গত বেশ কিছুদিন যাবৎ নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছি। আমি ইতিপূর্বে ক্যানসার রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ সময় চিকিৎসাধীন ছিলাম। বর্তমানে আমি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছি।
আমার শারীরিক সুস্থতার জন্য বিশ্রামের একান্তই প্রয়োজন। ফলে আমি ৩ অক্টোবর হতে ১ নভেম্বর, ২০১৭ পর্যন্ত ৩০ দিন ছুটি ভোগ করতে ইচ্ছুক। এমত অবস্থায় ৩ অক্টোবর হতে ১ নভেম্বর ২০১৭ তারিখ পর্যন্ত ৩০ দিনের ছুটির বিষয়ে মহাত্মনের সানুগ্রহ অনুমোদন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। ‘

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ