রবিউল হাসান, জামালপুর ,
জনতারআদালত.কম । ৯ জুলাই, ২০১৭ ।

জামালপুরে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমএমপি বলেছেন, দেশের নারীদের নিয়ে আজ গর্ব করা যায়। নারীরা পাইলট থেকে শুরু করে, বিচারক, পুলিশ কর্মকর্তা, রাজনীতি, শিক্ষা, গবেষণাসহ সকল ক্ষেত্রে নারীরা আজ বিশেষ, বিশেষ অবদান রাখছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের অগ্রাধিকার দিয়ে এগিয়ে আনছেন। তাদেরকে ঘর থেকে বের করে আনতে পারায় সফল হয়েছেন তিনি।
জাতীয় সংসদের নারী আসন ৩০ থেকে ৫০ জন এবং উপজেলা পরিষদে ভাইস-চেয়ারম্যান পদ সৃষ্টি করে নারীদের নেতৃত্বে এগিয়ে আসার সুযোগ করে দিয়েছেন। জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি এসব কথা বলেন। জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অডিটোরিয়ামে গত কাল শনিবার সকালে এ সভার আয়োজন করা হয়।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, এ দেশে নারীদের কোনো ক্ষমতা ছিল না। হুজুরেরা ফতোয়া দিয়েছিল মেয়েরা চতুর্থ শ্রেণির বেশি পড়তে পারবে না। তারা ভোটও দিতে যেতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের শিক্ষা ও ভোটের অধিকারও ফিরিয়ে দিয়েছেন।

মির্জা আজম বলেন, উন্নয়নের ধারাবাহিকতা না থাকলে, বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় না গেলে দেশ পিছিয়ে যাবে। যারা ২০১৪-২০১৫ সালে ৩০০ মানুষকে পুড়িয়ে মেরেছে, তারা ক্ষমতায় এলে দেশ আইএস এর হয়ে যাবে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আবারও রাষ্ট্রপরিচালনায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষের শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে আওয়ামী লীগ ও এর প্রতিটি অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি সজাগ থাকার আহবান জানান।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশের উন্নয়নের ছোঁয়া গ্রামেও ছড়িয়ে পড়েছে। আগে দেখতাম গ্রামের মা-বোনেরা লাল মাটি দিয়ে মাথার চুল পরিষ্কার করতো। এখন তারা সানসিল্ক ব্যবহার করে। আগে তারা কয়লা দিয়ে দাঁত মাজতো। এখন তারা টুথপেস্ট দিয়ে দাঁত মাজে। আগে গ্রামের নারীদের জন্য পুরনো কাপড় বিতরণ করতে গেলে হুমড়ি খেয়ে পড়তো। এখন নতুন কাপড় নিয়ে গেলেও তারা নিতে আসে না। বস্ত্রের অভাব এখন আর নেই। গ্রামে কোথাও কুড়ে ঘর পাওয়া যাবে না।
জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক রাশিদা ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভা উদ্বোধন করেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি সাফিয়া খাতুন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্লিক এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন।

কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব রেজাউল করিম হীরা এমপি, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা,এ্যাডভোকেট আমানউল্লাহ আকাশ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন,ছানোয়ার হোসেন ছানু,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ এম এ মান্নান খান, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, সাধারণ সম্পাদক ফারহান আহম্মেদ,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন প্রমুখ।
কর্মীসভা সঞ্চালনা করেন মহিলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক হাসিনা বেগম।



























