রবিউল হাসান, জামালপুর ,
জনতারআদালত.কম । ৯ জুলাই, ২০১৭ ।

বন্যাকবলিত এলাকা।
ছবি: জনতার আদালত ডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। উপজেলা সাতটি ইউনিয়ন প্লাবিত হয়ে ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ হয়ে গেছে। যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে শনিবার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৩৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
যমুনার পানিবৃদ্ধি অব্যাহত থাকায় যমুনা ও ব্রহ্মপুত্র নদের অববাহিকা ইসলামপুর উপজেলার পাথর্শী কুলকান্দি, বেলগাছা, চিনাডুলী, নোয়ারপাড়া, ইসলামপুর সদর, ইসলামপুর পৌরসভার একাংশ বন্যার প্লাবিত হয়েছে। এসব এলাকায় প্লাবিত হয়ে প্রায় ২০ হাজার লোক পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি মানুষ উঁচু স্থানে, বিভিন্ন বিদ্যালয়ে,আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। এদিকে বন্যা দুর্গত এলাকায় মানুষের খাদ্যের বিশুদ্ধ পানির পাশাপাশি গো খাদ্যের সংকট দেখা দিয়েছে।

ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের চর নন্দেরপাড়ায় বন্যাকবলিত এলাকা।
ছবি : জনতার আদালত ডটকম
পশ্চিম বেলগাছা গ্রামের টিক্কা শেখ জানান, বাড়িতে পানি উঠেছে। রাস্তার ধারে আশ্রয় নিচ্ছি। তবে পানি উঠায় রান্না করার উপায় নাই তাই এখন পর্যন্ত না খেয়ে আছি। কুলকান্দির আরজু শেখ জানান, আজ বাড়িতে পানি উঠেছে সারাদির পানির উপর থাকায় অসুস্থ বোধ করছি। পাথর্শী ইউনিয়নের দেলিরপাড় গ্রামের আব্দুস সামাদ জানান, বন্যায় মাঠে পানি উঠায় গরুর ঘাসের সমস্যায় পড়েছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান জানান, যমুনার পশ্চিমাঞ্চল ও চিনাডুলী ইউনিয়নে বামনা, ড্যাপরাইপ্যাচসহ ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা পাঠদান বন্ধ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, উপজেলার বলিয়াদহ উচ্চ বিদ্যালয়ে পানি উঠায় পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে পরিস্থিতির অবনতি হলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। উপজেলা কৃষি কর্মকর্তা মাতিউর রহমান জানান, রোপা আমন ধান, বীজতলা, পাট, উঠতি ফসল ইক্ষু, কাঁচা সবজি বন্যার পানিতে তলিয়ে গেছে।

ইউনিয়নের বলিয়াদহ এলাকা। বলিয়াদহ উচ্চ বিদ্যালয় পানিতে তলিয়ে যাচ্ছে।
ছবি : জনতার আদালত ডটকম
চিনাডুলি ইউপির চেয়ারম্যান আব্দুস ছালাম চর নন্দনের পাড় ও গিলাবাড়ী; কুলকান্দি ইউপি চেয়ারম্যান হরিণধরা, জিগাতলা ও চর বেড়কুশা; বেলগাছা ইউপির চেয়ারম্যান আব্দুল মালেক যমুনার দুর্ঘম দ্বীপচর পশ্চিম বেলগাছা, বরুল, মুন্নিয়া, সিন্দুরতলি, চরচেঙ্গানিয়া, প্রজাপতি ও চরশিশুয়া এবং চর বিশরশির পাথর্শী ইউপির চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম বাবুল দেলিরপাড় ও শুরের পাড় এলাকায় মানুষের খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে।
এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, বন্যা দুর্যোগ মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি।

ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের চর নন্দেরপাড়ায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম এহছানুল মামুন।
ছবি : জনতার আদালত ডটকম
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম এহছানুল মামুন শনিবার উপজেলার বিভিন্ন স্থানে ত্রাণের শুকনো খাবার বিতরণ করেছেন। তিনি জানান, ইসলামপুরর বন্যাদুর্গতদের মাঝে বিতরণ করার জন্য ১০ মেট্টিক চাল বরাদ্দ পাওয়া গেছে। রোববার থেকে বিতরণ করা হবে। পানিবন্দি মানুষের জন্য ছয়টি আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে। ইতিমধ্যে যমুনা দুর্গম অঞ্চলের বন্যা কবলিত বেলগাছা ইউনিয়নের মন্নিয়া, বরুল, কুলকান্দি, সাপধরী ইউনিয়নের বিভিন্ন বন্যাদুর্গত শুকনো খাবার বিতরণ করা হয়।
ইসলামপুর আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল জানান, বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। তবে বন্যাকবলিত মানুষেরা যাতে খাদ্য ও চিকিৎসা থেকে বঞ্চিত না হয় সে দিকে লক্ষ্য রাখা হয়েছে।



























