ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৪ নভেম্বর, ২০১৭ ।

প্রখ্যাত সংগীতশিল্পী ও বংশীবাদক বারী সিদ্দিকী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার আনুমানিক রাত দুইটা ত্রিশ মিনিটের দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত এই সংগীতশিল্পী। রাত পৌনে তিনটাই তার বড় ছেলে সাব্বির সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে মারা যাওয়ার কিছুক্ষণ পরই গোসল করানোর জন্য মোহাম্মদপুরে আঞ্জুমানে মফিদুল ইসলামে নিয়ে যাওয়া হয় বারী সিদ্দিকীকে। সেখান থেকে মরদেহ আজ শুক্রবার সকাল ৭টায় ধানমন্ডি ১৪ /এ সড়কে তার বাসায় নিয়ে যাওয়া হয়।
বারী সিদ্দিকীর প্রথম জানাজা হবে সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে, দ্বিতীয় জানাজা হবে বাংলাদেশ টেলিভিশন ভবনে সকাল সাড়ে ১০টায়। বাদ আসর তৃতীয় ও শেষ জানাজা হবে নেত্রকোনা সরকারি কলেজে। এরপর বারী সিদ্দিকীকে নেত্রকোনার কারলি গ্রামে ‘বাউল বাড়ি’তে দাফন করা হবে।
কয়েকদিন আগে থেকেই অসুস্থ হয়ে আইসিইউতে ছিলেন ‘পূবালী বাতাসে’র এ শিল্পী। সেখানে তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়।
স্কয়ার হাসপাতালের নেফ্রোলজি বিভাগের চিকিৎসক ডা. আবদুল ওহাব খানের তত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসকরা জানিয়েছিলেন, তার দুটি কিডনি অকার্যকর। বহুমূত্র রোগেও ভুগছিলেন এ শিল্পী।
গত ১৯ নভেম্বর রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে মাঝরাতে তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বারী সিদ্দিকী ১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনা জেলায় এক সঙ্গীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৯৫ সালে প্রখ্যাত সাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘রঙের বাড়ই’ নামের একটা ম্যাগাজিন অনুষ্ঠানে জনসমক্ষে প্রথম সঙ্গীত পরিবেশন করেন তিনি।


























