ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৯ নভেম্বর, ২০১৭ ।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দিতে বিসিবির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। খবর ক্রিকইনফোর।
বিসিবি এই পদত্যাগপত্র গ্রহণ করবে কী না, সে বিষয়ে কিছু জানা যায়নি। কোচ এবং কর্মকর্তাদের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ক্রিকইনফোর শ্রীলঙ্কা প্রতিনিধি এবং বাংলাদেশ প্রতিনিধির নামে প্রকাশিত এক যৌথ প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।
অভিযোগ রয়েছে দল পরিচালনা, একাদশ নির্বাচন এবং মাঠের খেলা পরিচালনাতেও অযাচিত হস্তক্ষেপ করেন হাথুরু। এসব বন্ধে চেষ্টা চালালে পদ ছাড়তে হয় ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যন নাঈমুর রহমান দুর্জয়কে।
এরপর দল নিজের মতোই পরিচালনা শুরু করেন কোচ হাথুরু। অধিনায়কের মতামত টুকটাক কানে নিলেও একাদশ নির্বাচনে কোচেরই ছিল একচ্ছত্র আধিপত্য। এ নিয়ে অধিনায়ক ও অন্যান্য সিনিয়র অফিসিয়ালদের সঙ্গেও সমস্যা হয় হাথুরুর।
আর এসবের খেসারত দিতে হয়েছে বাংলাদেশ দলকে। কোচের অতিরিক্ত বাড়াবাড়ির ফলেই অনেকক্ষেত্রে দল সাফল্য পায়নি বলেও অভিযোগ উঠেছে।


























