মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,
জনতারআদালত.কম , ৭ আগষ্ট, ২০১৭ ।

এলাকার বহু দিনের আকাঙ্খিত ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী লাহিড়ী-বালিয়াডাঙ্গী সড়কের জাউনিয়া বাজারের পাশে নহনা নদীর উপর নবনির্মিত সেতুটির শুভ উদ্বোধন করেছেন ঠাকুরগাঁও-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব দবিরুল ইসলাম।
রবিবার বিকালে ১ কোটি ৮৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সেতুটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়, উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শামীম, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মিঞা, ৮নং বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম আলী, চাড়োল ইউনিয়নের চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জী, উপজেলা তাতীলীগের সাধারণ সম্পাদক এরশাদুল হক এলাহী প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন উপজেলার সাথে যোগাযোগের জন্য বড়বাড়ী, চাড়োল, ধনতলা, পাড়িয়া ইউনিয়নের মানুষের প্রধান সড়কের কারণে এই সেতু খুবই গুরুত্বপূর্ণ। নতুন এই সেতুটি লাহিড়ী-বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও যাতায়াতের সমস্যা সমাধানসহ অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। উল্লেখ্য, ৪৫১৬ মিটার চেইনেজে জাউনিয়া নহনা নদীর উপর থাকা শতবর্ষী লোহার সেতুটি ভেঙ্গে গেলে এলাকার লোকজনসহ ঠাকুরগাঁও জেলার বহু ব্যবসায়ীর লাহিড়ী হাটে আসা একমাত্র যোগাযোগের রাস্তা বন্ধ হয়ে যায়।
২০১৬ সালে এলজিইডি প্রায় ১ কোটি ৮৩ লক্ষ টাকা ব্যয়ে ৩৪ মিটার দীর্ঘ এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়। যার নির্মাণ কাজ জুন মাসে শেষ হয়। সেতুটি নির্মাণ করেছে রংপুরের খায়রুল কবির রানা নামক ঠিকাদারী প্রতিষ্ঠান।


























