ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
আরচারি দ্বৈত ইভেন্টের মূল লড়াইয়ে পারলেন না বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী। নবম হয়ে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন রোমান-দিয়া জুটি।
টোকিওর ইউমেনোশিমা ফিল্ডে রিকার্ভ মিশ্র দ্বৈতের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ সেট পয়েন্টে হারে বাংলাদেশ। রোমান ও দিয়ার বিপক্ষে দক্ষিণ কোরিয়ার হয়ে খেলেন আন সান ও কিম জে ডিওক জুটি।
প্রথম সেটে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩৮-৩০ ব্যবধানে হারেন রোমান-দিয়া। এরপর দ্বিতীয় সেটে কিছুটা লড়াই করেও হারেন ৩৫-৩৩ ব্যবধানে। কিন্তু, শেষ সেটে আর পারেননি। শেষ সেটে ৩৯-৩৮ পয়েন্ট ব্যবধানে বিদায় নেন দু’জন।
আন সান- কিম জে জুটির স্বর্ণজয় সেরা জুটির বিপক্ষেই রিকার্ভ মিশ্র দলগত বিভাগের প্রথম রাউন্ড খেলতে হয়েছে বাংলাদেশের রোমান ও দিয়াকে। সহজ জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল কোরিয়ান আন সান ও কিম জে ডিওক জুটি। শেষ পর্যন্ত রোমান-দিয়াকে বিদায় করা সেই জুটির হাতেই উঠেছে আরচারির রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের স্বর্ণ।
আজ শনিবার দুপুরে শেষ হওয়া স্বর্ণের লড়াইয়ে দক্ষিণ কোরিয়া ৫-৩ সেট পয়েন্টে নেদারল্যান্ডসকে হারিয়ে টোকিও অলিম্পিকে নিজেদের প্রথম স্বর্ণপদক ঝুলিতে ভরেছে। নেদারল্যান্ড তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে শেষপর্যন্ত রৌপ্য পেয়েছে।
বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কোরিয়া পেয়েছিল ভারতকে। ৬-২ সেট পয়েন্টে ভারতের আরচারদের হারিয়ে উঠে যায় সেমিফাইনালে। ফাইনালে ওঠার সে লড়াইয়ে কোরিয়া ৫-১ সেট পয়েন্টে হারায় মেক্সিকোকে। আগের জয় সহজে এলেও, ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে জিততে ঘাম ঝরাতে হয়েছে কোরিয়ানদের। প্রথম সেট (৩৮-৩৫) হেরে দ্বিতীয় (৩৭-৩৬) ও তৃতীয় সেট (৩৬-৩৩) জিতে ম্যাচে ফিরেছিল তারা। শেষ সেট ড্র (৩৯-৩৯) করে স্বর্ণ নিশ্চিত করে কোরিয়ানরা।
ইভেন্টের তৃতীয় স্থান নির্ধারণী খেলায় মেক্সিকো ৬-২ সেট পয়েন্টে তুরস্ককে হারিয়ে জিতেছে ব্রোঞ্জ পদক।


























