ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
ময়মনসিংহের ত্রিশালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৪ই আগস্ট) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড়দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন।
রাতে রাজধানী থেকে ময়মনসিংহের হালুয়াঘাটে যাচ্ছিল যাত্রীবাহী বাস ইমাম পরিবহন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর এলাকায় এলে দাঁড়িয়ে থাকা সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয় বাসটি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের বৈলর বড়পুকুর পাড় এলাকায় সকাল থেকেই সিমেন্ট বোঝাই একটি ট্রাক বিকল হয়ে দাঁড়ানো ছিল। শনিবার রাত ৮টার দিকে ঢাকা থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এসে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
এসময় ঘটনাস্থলে নিহত হয় তিনজন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হলে সেখানে আরও ২ জনের মৃত্যু হয়। অন্যদিকে, আহত কয়েকজনের অবস্থা আশংকাজনক।
আহত অবস্থায় বাসের অন্তত ১৬ জন যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল ও ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, এখনো উদ্ধার কাজ চলছে। হতাহতদের পরিচয় জানা যায়নি।


























