ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম , ২২ জুলাই, ২০১৭ ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে পাঁচ হাজার ২২৭টি ডিজিটাল সেন্টারের মাধ্যমে গ্রামীণ জনপদের ৬০ লাখ মানুষকে বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।
আজ শনিবার নাটোরের সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ মাঠে এলআইসিটি প্রকল্পের আওতায় আইসিটি ক্যারিয়ার ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল সেন্টারের মাধ্যমে সেবা দানের ফলে দুর্নীতি ও হয়রানির হাত থেকে রক্ষার পাশাপাশি মানুষের অর্থের অপচয় কম হচ্ছে। সেবা প্রদানে গতিশীলতা আনতে ২০১৮ সালের মধ্যে সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে হাই স্পিড ইন্টারনেট সংযোগের আওতায় আনা হবে।
সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইসিটি প্রকল্প পরিচালক রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী বলেন, ই-গভর্নেন্স চালুর ফলে মানুষকে সেবা নিতে শহরে যেতে হয় না। বন্ধ হয়েছে প্রতারণা ও হয়রানি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দ্রুতই আমরা তথ্যপ্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে মধ্যম আয়ের দেশে উপনীত হব।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে বর্তমান সরকার। এলক্ষ্যে দেশে বিশ্বমানের প্রশিক্ষণের মাধ্যমে তথ্য প্রযুক্তি খাতে তৈরি হচ্ছে দক্ষ মানব সম্পদ।
‘ডিজিটাল বাংলাদেশে আমরা দুর্বার’ এই স্লোগানকে সামনে রেখে সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের লিভারেজিং আইসিটি ফর গ্রোথ গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্প আয়োজিত আইসিটি ক্যারিয়ার ক্যাম্পে উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ১ হাজার ৮৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।


























