মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও , জনতারআদালত.কম । ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ।

লেখাপড়া না করায়’ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় এক মাদ্রাসা ছাত্রকে লাঠি দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে।
পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান বলেন, শুক্রবার সকালে ছেলেটির মা লাভলী আক্তার বাদী হয়ে পীরগঞ্জ উপজেলার বীরহলী এতিমখানা মাদ্রাসার সুপার আবুল বাশারের বিরুদ্ধে এ মামলা করেন। আহত মো. লিয়নের (১১) বাড়ি ওই উপজেলার গুয়াগা এলাকায়। তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মামলার বরাত দিয়ে ওসি আমিরুজ্জামান বলেন, লেখাপড়া না করার অভিযোগ তুলে সম্প্রতি ২০ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় লিয়নকে লাঠি দিয়ে পেটান বাশার। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার লিয়নকে আহত অবস্থায় তার সহপাঠিরা বাড়ি নিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করে বলে জানান তিনি।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হুমায়ুন কবির “লিয়নের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।” আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি জানান।


























