ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ৫ আগষ্ট, ২০১৭ ।

চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানের গড়ে দেওয়া ভিতের উপর দাঁড়িয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে হাফ-সেঞ্চুরি হাঁকালেন রবিচন্দ্রন অশ্বিন, ঋদ্ধিমান সাহা ও রবীন্দ্র জাদেজা। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের দাপটে ভারত ৯ উইকেটে ৬২২ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে। জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে শ্রীলঙ্কা ২ উইকেট হারিয়ে তুলেছে মাত্র ৫০ রান। ভারতের হয়ে দু’টি উইকেটই পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চন্ডীমল ৮ রানে ও কুশল মেন্ডিস ১৬ রানে ক্রিজে আছেন। শ্রীলঙ্কা এখনও পিছিয়ে ৫৭২ রানে। অশ্বিন নতুন বলে মোহাম্মদ সামির সঙ্গে যেভাবে শুরু করেছেন, তাতে মনে হয় না শ্রীলঙ্কা খুব বেশি রান তুলতে পারবে।
প্রথম টেস্টেও ভারত ৬০০ রান তুলেছিল। কিন্তু গল টেস্টে শ্রীলঙ্কাকে ফলো-অন করানোর সুযোগ কাজে লাগাননি ভারত অধিনায়ক বিরাট কোহলি। ভারত দ্বিতীয়বার ব্যাট করেছিল। এই ম্যাচে বিরাট কোহলি সিদ্ধান্ত বদল করতে পারেন। সুযোগ পেলে শ্রীলঙ্কাকে ফলো-অন করাতে পারে ভারত।
ভারত এদিন ৩ উইকেটে ৩৪৪ রান নিয়ে শুরু করে। চেতেশ্বর পূজারা ১২8 ও অজিঙ্কা রাহানে ১০৩ রানে অপরাজিত ছিলেন। মূলত তাঁরাই ভারতকে রানের পাহাড় খাড়া করতে সাহায্য করেন। পূজারা অবশ্য দ্বিতীয় দিনের শুরুতেই করুণারত্নের বলে ১৩৩ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন। তবে ৫০তম টেস্টে সেঞ্চুরি করে তিনি কিন্তু ক্রিকেট দুনিয়ার বাহবা কুড়িয়ে নিয়েছেন। অজিঙ্কা রাহানে গতকাল যেখানে শেষ করেছিলেন, এদিন সেখান থেকেই শুরু করেন। বেশ ভালোই খেলছিলেন তিনি। ১৩২ রানের মাথায় মালিন্দা পুষ্পকুমারার বলে স্টেপ আউট করতে গিয়ে স্টাম্পড হন রাহানে। তিনি ২২২ বল খেলেছেন। মেরেছেন ১৪টি বাউন্ডারি।
প্রথম সেশনেই দুই সেট ব্যাটসম্যান আউট হওয়ার পর মনে হয়েছিল শ্রীলঙ্কা লড়াইয়ে ফিরে আসবে। কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলে দেন ভারতের লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা। রবিচন্দ্রন অশ্বিন প্রথম ম্যাচের মতো এদিনও সাহসী ইনিংস খেলেছেন। ছ’নম্বরে ব্যাট করতে নেমে হাফ-সেঞ্চুরি করেন তিনি। চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসাবে দ্রুততম ২০০টি উইকেট ও ২০০০ রান পূর্ণ করলেন অশ্বিন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে অশ্বিনের আগে এই রেকর্ড গড়েছিলেন ইয়ান বোথাম (৪২), কপিল দেব (৫০) ইমরান খান (৫০), অশ্বিন (৫১), রিচার্ড হ্যাডলি (৫৪)।
৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে অশ্বিন ৫৪ রান করে রঙ্গনা হেরাথের বলে বোল্ড হন। টেস্টেএটি তাঁর একাদশ হাফ-সেঞ্চুরি। চা পানের বিরতির পর ঋদ্ধিমান সাহা ও রবীন্দ্র জাদেজা জুটি বেঁধে ভারতের রান এগিয়ে নিয়ে যান। ঋদ্ধিমান প্রথম টেস্টে হতাশ করেছিলেন। এদিন অবশ্য আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করেছেন তিনি। ঋদ্ধি আউট হন ৬৭ রানে। তাঁর ইনিংসে রয়েছে ৪টি চার ও ১টি ছক্কা। হার্দিক পান্ডিয়া ২০ রান করেন। ৮৫ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। চারটি চার ও তিনটি ছক্কা মেরেছেন তিনি।
অনেক দিন পর ভারতীয় দলকে নির্ভরতা জোগাল লোয়ার মিডল অর্ডার। যা নিঃসন্দেহে ক্যাপ্টেন বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রীর হাসি চওড়া করবে। একটা সময় টেল এন্ডারদের মধ্যে ছক্কা মারার প্রতিযোগিতা চলছিল। পেসার মহম্মদ সামিও ২টি ছক্কা ও ১টি চারের সাহায্যে মাত্র ৮ বলে ১৯ রান যোগ করেন। উমেশ যাদব অপরাজিত থাকেন ৮ রানে। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে রঙ্গনা হেরাথ একাই নিয়েছেন চারটি উইকেট। প্রথম ম্যাচের মতোই শ্রীলঙ্কাকে চোট সমস্যা তাড়া করছে। পেসার নুয়ান প্রদীপ গতকাল হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন।
এদিন শ্রীলঙ্কা দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, প্রদীপ এই ম্যাচে আর মাঠে নামতে পারবেন না। দলের এক নম্বর পেসারের অভাব এদিন শ্রীলঙ্কা বেশ ভালোই টের পেয়েছে। অনেকেই ভেবেছিলেন, প্রথম ম্যাচের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়াবে। কিন্তু বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই লঙ্কানরা যেভাবে পর পর দু’টি উইকেট হারিয়েছে, তা দেখে মনে হচ্ছে লড়াইটা হয়তো একপেশে হবে। অশ্বিন তাঁর প্রথম ওভারের শেষ বলে উপুল তরঙ্গাকে (০) আউট করেন। তাঁর দ্বিতীয় শিকার করুণারত্নে (২৫)।
দ্বিতীয় দিনের স্কোর: প্রথম ইনিংসে ভারত (৩ উইকেটে ৩৪৪ থেকে) পূজারা এলবিডব্লু বো করুণারত্নে ১৩৩, রাহানে স্টাম্প ডিকবেলা বো পুষ্পকুমারা ১৩২, অশ্বিন বো হেরাথ ৫৪, ঋদ্ধিমান স্টাম্প ডিকবেলা বো হেরাথ ৬৭, হার্দিক ক ম্যাথিউজ বো পুষ্পকুমারা ২০, জাদেজা অপরাজিত ৭০, সামি ক তরঙ্গা বো হেরাথ ১৯, উমেশ অপরাজিত ৮, অতিরিক্ত ১৪, মোট ১৫৮ ওভারে ৯ উইকেটে ৬২২।
বোলিং: প্রদীপ ১৭.৪-২-৬৩-০,হেরাথ ৪২-৭-১৫৪-৪, করুণারত্নে ৮-০-৩১-১, দিলরুবান ৪০-৩-১৪৭-১, মালিন্দা ৩৮.২-২-১৫৬-২, ১২-০-৫৯-০।
উইকেট পতন: ৪-৩৫০, ৫-৪১৩, ৬-৪৫১, ৭-৪৯৬, ৮-৫৬৮, ৯-৫৯৮।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কা: করুণারত্নে ক রাহানে বো অশ্বিন ২৫, উপুল তরঙ্গা ক রাহুল বো অশ্বিন ০, কুশল মেন্ডিস ব্যাটিং ১৬, দীনেশ চন্ডীমল ব্যাটিং ৮, অতিরিক্ত ১, মোট ২০ ওভারে ২ উইকেটে ৫০।
উইকেট পতন: ১-০, ২-৩৩।
বোলিং: সামি ৩-১-৭-০, অশ্বিন ১০-২-৩৮-২, জাদেজা ৭-৪-৪-০।


























