সিলেট ব্যুরো , জনতারআদালত.কম , ২৮ জুলাই, ২০১৭ ।

সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকার কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে জালালাবাদ গ্যাসলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে হঠাৎ করে লাইন থেকে গ্যাস বের হয়ে আগুনের সূত্রপাত হয়। এরপর গ্যাসের চাপ কমে বেলা সোয়া দুইটার দিকে আগুন নিভে যায়।
নিরাপত্তার জন্য ঘটনাস্থলের আশপাশ দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণে রেখেছে পুলিশ। ওই এলাকার লোকজনকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে।
ফায়ার সার্ভিস সিলেটের উপ-পরিচালক রফিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
তিনি বলেন, বেলা ১২টার দিকে তাজমহল রেস্টুরেন্টের সামনের রাস্তায় হঠাৎ বিকট শব্দ হয়ে গ্যাস লাইনের পাইপটি ফেটে যায়। প্রথমে আগুন নেভাতে কিছুটা সমস্যা হলেও জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ গ্যাস লাইন বন্ধ করে দিলে দ্রুত আগুন নেভানো সম্ভব হয়।
আগুনে ছয়জন আহতহন এবং একটি মাইক্রোবাস, একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল পুড়ে গেছে বলে জানান তিনি।


























