রবিউল হাসান লায়ন , জামালপুর,
জনতারআদালত.কম , ২৫ জুলাই, ২০১৭ ।

জামালপুর জেলার পুলিশ সুপার দেলোয়ার হোসেনের নির্দেশে মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ জুলাই রাতে ডিবি পুলিশের ইনচার্জ, মোহাম্মদ জিয়াউল ইসলামের নেতৃত্বে এসআই মিন্টু চন্দ্র ঘোষ, এসআই খাইরুল ইসলাম, এএসআই দিদারুল ইসলাম, সঙ্গীয় ফোর্স সহ দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ কাটারবিল জিনজিরাম নদীর ঘাট হতে গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার ডাকাতিয়ার চর (জিগাবাড়ি) গ্রামের মৃত: হাবিবুর রহমানের পুত্র ডাকাত সর্দার মোঃ আঃ করিম (৪৮) কে গ্রেপ্তার করে। এসময় তার আরও ৩ সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, দেওয়ানগঞ্জ উপজেলার গয়েরডোবা গ্রামের আঃ কাদেরের পুত্র আল-আমিন (৩০), গাইবান্ধা জেলার ভাটিয়াপাড়া গ্রামের মৃত: জামাতুল্লাহ এর পুত্র শহিদুল ইসলাম (৪২), ভাটিয়াপাড়া গ্রামের ফজর আলীর পুত্র ইনসাব আলী (২৭) কে গ্রেপ্তার করে। এসময় ডিবি পুলিশ তাদের কাছ থেকে দেশিও তৈরি একটি পাইপ গান, ২০ রাউন্ড তাজা গুলি, রাবার বুলেট (কার্তুজ), ১০০ গ্রাম হেরোইন, ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পুলিশ জানায়, ডাকাত সর্দার আঃ করিমের বিরুদ্ধে গাইবান্ধা জেলায় ও জামালপুরে খুন ডাকাতি সহ বিভিন্ন মামলা রয়েছে।
এরা গাইবান্ধা জেলার ভাটিপাড়া গ্রামের মৃত: জামাতুল্লাহ এর পুত্র মোঃ রফিকুল ইসলাম (২৮) এর থেকে অস্ত্র ও মাদক সংগ্রহ করে আসছিল। হেরোইন ও ইয়াবা ট্যাবলেট এর মূল্য আনুমানিক বার লক্ষ পঁচিশ হাজার টাকা। এদের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানান।
এছাড়া একই দিনে ইসলামপুর উপজেলার আয়েরমারীতে ডিবি পুলিশের ইনচার্জ জিয়াউল ইসলাম, এএসআই ইউসুফ, জহির, মোকাম্মেল সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে আয়েরমারী গ্রামের মৃত: তান্ডারুর স্ত্রী মোছাঃ লাইলী বেগম (৫০) কে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করে। যার আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা। লাইলী বেগমের বিরুদ্ধেও মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।


























