রবিউল হাসান লায়ন, জামালপুর, জনতারআদালত.কম । ২৩ সেপ্টেম্বর, ২০১৭ ।

বাংলাদেশ সরকারের বিশেষ প্রকল্প ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সাফল্যের ৮ বছরে জামালপুরে এই কর্মসূচির ৫ম পর্বের শুভ উদ্বোধনী অনুষ্ঠান গতকাল শনিবার সকালে সরকারী আশেক মাহমুদ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মহা-পরিচালক মোঃ আনোয়ারুল করিম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির পরিচালক আবুল হাসান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য নাঈম রাজ্জাক এমপি, ভূমি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ রেজাউল করিম হীরা এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ আজিুজল হক, জেলা প্রশাসক আহমেদ কবির, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন পিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি।

অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ড. শ্রী বীরেন শিকদার এমপি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন তা তিনি বাস্তবায়ন করে দেখান। বর্তমান সরকার ক্ষমতায় আসার সময় ইস্তেহারে উল্লেখ করেছিল প্রতিটি ঘরে ঘরে চাকুরী দেয়া হবে। ন্যাশনাল সার্ভিস কর্মসূচির মাধ্যমে আজ তা বাস্তবায়ন হচ্ছে। সেই সাথে তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। এছাড়া তিনি আরও বলেন, বর্তমানে আমাদের দেশ আর নিম্ন আয়ের দেশ নয়। এখন আমরা নিম্ন মধ্যবিত্ত দেশে রূপান্তরিত হয়েছি।

ন্যাশনাল কর্মসূচির বিষয়ে বলেন, ১৫ টি জেলায় এই কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। শুধুমাত্র জামালপুর জেলার জামালপুর সদর, মেলান্দহ ও বকশীগঞ্জ এই ৩ টি উপজেলার সাড়ে ১১ হাজার বেকার যুবক-যুবতী এই কর্মসূচির মাধ্যমে তাদের জীবনকে বদলাতে পারে। এর জন্য সরকার সার্বিক সহযোগীতা করবে। এই কর্মসূচির মাধ্যমে তারা চাকুরী খুজবে না। নিজেরা আত্মকর্মস্থান সৃষ্টি করে ভবিষ্যতে অন্যদেরকে চাকুরীর ব্যবস্থা করে দিবে।

অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে জামালপুর জেলার মানুষের প্রাণের দাবি মেডিকেল কলেজ স্থাপন করেছে। ৫০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল তৈরি হচ্ছে। সরকারী আশেক মাহমুদ কলেজের জন্য ১৫০ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। জামালপুর থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল রেললাইন চালুর জন্য প্রকল্প নেয়া হয়েছে। শহর রক্ষা বাধকে ঘিরে তৈরি করা হচ্ছে আরেকটি রাস্তা। নদী খনন করা হচ্ছে। এছাড়া অর্থনৈতিক জোন গড়ে উঠেছে এ জেলার জন্য।
সেই সাথে তিনি আরও বলেন, সরকারের বিশেষ প্রকল্প এই ন্যাশনাল সার্ভিস কর্মসূচির মাধ্যমে এ জেলার প্রায় সাড়ে ১১ হাজার বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে। যা এ জেলার মানুষের জন্য আরও একটি বড় পাওয়া।


























