spot_img

জামালপুরের সরিষাবাড়ীতে দুই কোটি টাকা আত্মসাত, পৌর ছাত্রদলের সহসভাপতি সুমন তালুকদার গ্রেপ্তার

রবিউল হাসান লায়ন, জামালপুর ,

জনতারআদালত.কম , ২২ জুলাই, ২০১৭ ।

গ্রেপ্তার সরিষাবাড়ী পৌর ছাত্রদলের সহসভাপতি রিফাত হোসেন ওরফে সুমন তালুকদার। ছবি:জনতার আদালত.কম

 

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় আবাসন ব্যবসার নামে প্রতারণা করে প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে পৌর ছাত্রদলের সহসভাপতি রিফাত হোসেন ওরফে সুমন তালুকদারকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে শুক্রবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়। সরিষাবাড়ী থানা পুলিশ বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর মিরপুর-১২ এলাকার ভাড়া বাসা থেকে তাকে আটক করে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, শিমলা ইস্পাহানী এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে ছাত্রদল নেতা রিফাত হোসেন ওরফে সুমন তালুকদার দীর্ঘদিন ধরে মেসার্স লাইলা এন্টারপ্রাইজ নামে এলাকায় ভুয়া আবাসন প্রতিষ্ঠান গড়ে তোলেন। নিজেকে ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক পরিচয় দিয়ে অসহায় ও দুস্থদের জন্য স্বল্প খরচে টিনের ঘর তৈরি করে দেওয়ার নামে তিনি জামালপুর ও শেরপুর জেলায় প্রায় এক হাজার সদস্য ভর্তি করেন। প্রতিজন সদস্যের কাছ থেকে জামানত বাবদ আদায় করা হয় ৩০ হাজার টাকা করে। মাত্র ৮-১০ জনকে ঘর তৈরি করে দিয়ে চলতি বছরের জানুয়ারি মাসে তিনি উধাও হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। পরে প্রতারণার শিকার শিমলাপল্লী এলাকার মুকুল মিয়া বাদি হয়ে তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।
সরিষাবাড়ী থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইদ্রিস হোসাইন জানান, রিফাত হোসেন ওরফে সুমন তালুকদারের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। দুইটি মামলায় তিনি গ্রেপ্তারি পরোয়ানার আসামি হওয়ায় এলাকা ছেড়ে দীর্ঘদিন পালিয়ে ছিলেন। এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে সরিষাবাড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর মিরপুর-১২ এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়।
পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, রিফাত হোসেন ওরফে সুমন তালুকদার পৌর ছাত্রদলের সহসভাপতি ছিলেন। তবে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ থাকায় সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে বলে তিনি দাবি করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ