ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৩ আগষ্ট, ২০১৭ ।

দশম জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন আগামী ১০ই সেপ্টেম্বর বিকাল ৫টায় শুরু হবে। প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গতকাল এ অধিবেশনের আহ্বান করেন। এটি হবে সংসদের শরৎকালীন অধিবেশন।
সংসদ সচিবালয় থেকে জানা গেছে এ অধিবেশনের মেয়াদ এক সপ্তাহ থেকে ১০ দিন হতে পারে। তবে সংক্ষিপ্ত হলেও এ অধিবেশনে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে। অবশ্য আগামী ১০ সেপ্টেম্বর স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠেয় সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভায় সপ্তদশ অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হবে।
সংসদ সচিবালয় জানিয়েছে, আগামী ১০ই সেপ্টেম্বর স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠেয় সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় সপ্তদশ অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হবে। এদিকে দশম জাতীয় সংসদের ১৬তম (বাজেট) অধিবেশন গত ১৩ই জুলাই শেষ হয়। ৩০শে মে শুরু হওয়া ওই অধিবেশনে গত ১লা জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট পেশ করেন। গত ২৯শে জুন এ বাজেট পাস করা হয়। মোট ২৪ কার্যদিবসের ওই অধিবেশনে ১৫টি সরকারি বিলের মধ্যে ৭টি পাস হয়।
এছাড়া ১৬তম অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য সর্বমোট ১৬৯ টি প্রশ্ন পাওয়া যায়। তার মধ্যে তিনি ৭০ টি প্রশ্নের উত্তর দেন। মন্ত্রীদের জন্য আনা ২ হাজার ৮০৯ টি প্রশ্নের মধ্যে ১ হাজার ৯৩৮টি প্রশ্নের জবাব দেন।
জানা গেছে, আগামী অধিবেশনে সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে প্রধান বিচারপতির দেয়া রায় ও পর্যবেক্ষণ নিয়ে আলোচনা হবে।


























