ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২২ আগষ্ট, ২০১৭ ।

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের তুলনা করার প্রতিবাদ না করায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব শেখ ফজলে নূর তাপস।
আজ মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্ট বার ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদতবার্ষিকী ও শোক দিবসের এক আলোচনা সভায় শেখ ফজলে নূর তাপস এ কথা বলেন। বৃহত্তর ফরিদপুর সুপ্রিম কোর্ট আইনজীবী কল্যাণ সমিতি এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
তাপস বলেন, আপনি (অ্যাটর্নি জেনারেল) এ দেশের সবচেয়ে বেশি সময় ধরে থাকা রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। আপনার কিসের এত ভয়? যখন প্রধান বিচারপতি বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে তুলনা করলেন, তখন আপনি প্রতিবাদ করলেন না কেন?
এ পদে থাকার কোনো অধিকার আপনার নেই, আপনার পদত্যাগ করা উচিত, বলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের এই সদস্য।


























