ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৪ আগষ্ট, ২০১৭ ।

জাতীয় ঐক্যের ডাক দিলেন সাবেক প্রেসিডেন্ট ও বিকল্পধারার সভাপতি বি. চৌধুরী এবং গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার গণমাধ্যমে দেয়া এক যৌথ ঘোষণায় তারা এই ঐক্যের ডাক দেন। বি. চৌধুরীর প্রেস সেক্রেটারি জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বি চৌধুরীর প্যাডে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির এক সময়ের নেতা বি চৌধুরী এবং গণফোরাম সভাপতি ও আওয়ামী লীগের এক সময়ের নেতা কামাল হোসেন দুই প্রধান জোটের বাইরে আলাদা জোট গড়তে সক্রিয় রয়েছেন। ঘোষণায় দেশের বর্তমান পরিস্থিতিতে হতাশা প্রকাশ করে বলা হয়, “এই পরিস্থিতিতে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে একটি অহিংস বিকল্প রাজনৈতিক ধারা গড়ে তোলা সময়ের দাবি।”
এ বিষয়ে জানতে চাইলে ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, আমরা তো দীর্ঘদিন ধরেই একটি জাতীয় ঐক্যের কথা বলে এসেছি। এটি আজকে যৌথভাবে দিলাম। আর এটি একেবারেই প্রাথমিক আহ্বান, সবাই আমাদের ডাকে আশা করি সাড়া দেবে।
যৌথ ঘোষণায় তারা আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল ও ব্যক্তির অংশগ্রহণ এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সুনিশ্চিত করার লক্ষ্যে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন, নির্বাচনি আইন ও নির্বাচন ব্যবস্থার দাবিতে এবং দারিদ্র্যমুক্ত, দুর্নীতিমুক্ত এবং সন্ত্রাসমুক্ত একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে সমমনা রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ছাত্র সমাজ, শিক্ষিত ও সুধীজন, আইনজ্ঞ, চিকিৎসক, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার, ব্যবসায়ী, শ্রমিক, কৃষক, সাবেক সরকারি-বেসরকারি কর্মকর্তা, কর্মচারী ও অন্যান্য পেশাজীবী মানুষের সমন্বয়ে বৃহত্তম একটি রাজনৈতিক শক্তির উত্থান ঘটাতে হবে।
যৌথ ঘোষণায় একটি বৃহত্তর রাজনৈতিক শক্তির উত্থান ঘটানোর প্রয়োজনীয়তা তুলে ধরে বলা হয়, “দেশকে যারা ভালোবাসেন, যারা দেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী, তাদেরকে একটি প্রগতিশীল, পাহাড় ও সমতলের মানুষসহ সকল সম্প্রদায়ের পূর্ণ অধিকার সম্পন্ন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়া আহবান জানাচ্ছি।”
প্রসঙ্গত, এর আগেও ২০১২ সালে একটি হোটেলে এবং পরবর্তী সময়ে প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানেও ড. কামাল হোসেন ও বি. চৌধুরী জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছিলেন। তবে, তাদের ওই আহ্বানে খুব একটা সাড়া মেলেনি।


























