ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ১৩ সেপ্টেম্বর, ২০১৭ ।

আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন না মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি। মিয়ানমারের অভ্যন্তরীণ ইস্যুতে আরও মনোযোগী হওয়ার জন্য সুচি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেবেন না বলে জানা গেছে।
মঙ্গলবার বার্মিজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইউ কিউ জেইয়া দেশটির সংবাদ মাধ্যমগুলোকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে রোহিঙ্গা নিধনযজ্ঞের ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদ আর সমালোচনার মুখেই অংশ নিচ্ছেননা তিনি।
তিনি আরো জানান, সাধারণ পরিষদের এবারের অধিবেশনে অং সান সু চি’র অংশ নেওয়ার কথা ছিল। এখন তার পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট জাতিসংঘে দেশটির বর্তমান পরিস্থিতি তুলে ধরবেন।
জাতিসংঘের সর্বেশষ তথ্য মতে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার প্রেক্ষাপটে গত ২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত প্রায় ৩ লাখ ৭০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
প্রসঙ্গত, গত ২৪ আগস্ট রাখাইনে বেশ কয়েকটি তল্লাশিচৌকিতে হামলা চালায় বিদ্রোহী রোহিঙ্গারা। এতে নিরাপত্তা বাহিনীর ১২ সদস্যসহ নিহত ও অন্তত ৭০ জন আহন হন। এর পরিপ্রেক্ষিতে সেখানে অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী।
এরপর থেকেই রাখাইন থেকে কক্সবাজারের টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে নাফ নদী পার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে।
এদিকে অব্যাহত রোহিঙ্গা নিধনযজ্ঞের ঘটনায় আন্তর্জাতিক সমালোচনার মুখেও মিয়ানমারের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে চীন। মঙ্গলবার এ ইস্যুতে বার্মিজ কর্তৃপক্ষের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং।
তিনি বলেন, রাখাইন রাজ্যে সংঘটিত সহিংসতার নিন্দা জানাচ্ছে চীন। তবে সেখানে ‘শান্তি ও স্থিতিশীলতা’ বজায় রাখতে মিয়ানমার সরকার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তার প্রতি আমাদের সমর্থন রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়েরও একে সমর্থন জানানো উচিত।
তিনি আরও বলেন, আশা করি সেখানে যত দ্রুত সম্ভব স্বাভাবিক জীবনযাপন ফিরিয়ে আনা হবে। রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের প্রাক্কালে মঙ্গলবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


























