ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ১৬ জুলাই, ২০১৭ ।

টেন্ডার জমা দেয়াকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষে সাংবাদিকসহ ৮ শিক্ষার্থী আহত হয়েছে।
রোববার বেলা ১২টার দিকে ৭ লাখ টাকার টেন্ডার নিয়ে নতুন একাডেমিক ভবনে সংঘর্ষের সূচনা হয়।
ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার বিগত কমিটির সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শামীমের অনুসারীদের সঙ্গে নতুন কমিটিতে পদ প্রত্যাশীদের অনুসারীদের এই সংঘর্ষ হয় বলে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান।
আহত শান্ত নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদ প্রত্যাশী একটি পক্ষের (ময়মনসিংহ গ্রুপ নামে পরিচিত) কর্মী। গত ২৮ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন হলেও এখনও কমিটি ঘোষণা হয়নি।
সংঘর্ষে গুরুতর আহত ৩ জন ঢাকা মেডিকেল এবং অপর একজন বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ বর্ষের ডায়েরি ও ক্যালেন্ডার মুদ্রণ, বাঁধাই এবং সরবরাহ- সংক্রান্ত দরপত্র জমা দেয়ার নির্ধারিত সময় ছিল রোববার ১২টা পর্যন্ত।
নির্ধারিত সময়ের মধ্যে প্রতিপক্ষের বাধার মুখে দরপত্র জমা দিতে ব্যর্থ হয়ে শরিফ ও সিরাজ তাদের সাংগঠনিক সম্পাদক শামীমকে সঙ্গে নিয়ে দলবলসহ ক্যাম্পাসে ঢুকে ছাত্রলীগ কর্মীদের উপর হামলা করেন বলে নতুন কমিটিতে পদ প্রত্যাশী (ময়মনসিংহ গ্রুপের নেতা) জহির রায়হান আগুন জানান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, ক্যাম্পাসে মারামারির ঘটনা শুনেছি। এখনো কোনও ধরণের লিখিত অভিযোগ পাইনি। যদি কেউ অভিযোগ করে তাহলে আমরা যথাযথ ব্যবস্থা নেব। তবে ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।