গাজীপুর সংবাদদাতা , জনতারআদালত.কম , ৩১ জুলাই, ২০১৭ ।

গাজীপুরের কালীগঞ্জের সাবেক এমপি মোখলেছুর রহমান জিতু মিয়ার ছেলে ফয়সাল মিয়াকে (২৬) গুলি করে হত্যা করা হয়েছে।
রোববার রাত ১০টার দিকে কালীগঞ্জ পৌরসভা এলাকার ভাদগাতী গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ওসি আলম চাঁদ জানান, রাতে ফয়সাল কালীগঞ্জ পৌরসভা এলাকার ভাদগাতী গ্রামের বাড়িতে ফেরার পথে সন্ত্রাসীরা তাকে গুলি করে। গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রিমনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন এবং সেখানে ফয়সালের নিথর দেহ পড়ে থাকতে দেখে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা পঙ্কজ বলেন, “রিমন স্থানীয় কাউন্সিলর পরিমল চন্দ্র ঘোষকে মোবাইল ফোনে জানিয়েছে, তার সাথে থাকা পিস্তল থেকে অসাবধানতাবশত একটি গুলি বের হয়ে ফয়সালের শরীরে ঢুকে গেছে। ”
তবে কাউন্সিলর পরিমল এই বক্তব্য নাকচ করে দিয়ে বলেন, “রিমন ও ফয়সাল দুই বন্ধু। তারা মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত। ”
পৌর যুবলীগের সভাপতি বাদল হোসেন বলেন, “রিমন এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী। তাকে নিয়ে এলাকার মানুষ প্রতিনিয়তই আতঙ্কে থাকে।”


























