spot_img

গাজীপুরে কলেজছাত্র হত্যায় ৯ জনের ফাঁসির রায়

গাজীপুর প্রতিনিধি , জনতারআদালত.কম । ২৫ অক্টোবর, ২০১৭ ।

গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকবারি কলেজের ছাত্র শাহাদাত হোসেন সোহাগকে খুনের দায়ে নয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভুঁইয়া বুধবার সাত বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের জেলা শহরের নিয়ামত সড়ক এলাকার শামসুল হকের ছেলে সেলিম ও একই এলাকার আব্দুল সোবাহানের ছেলে আসাদুল ইসলাম, উত্তর ছায়াবীথি এলাকার নাজমুল হকের ছেলে জহিরুল ইসলাম ওরফে জাকির হোসেন ওরফে জন্টু, বিলাসপুর এলাকার বাবুল মিয়ার ছেলে জুয়েল, শেরপুরের ঝিনাইগাতী থানার বাঘেরভিটা এলাকার বাক্কা মিয়ার ছেলে বাক্কা সুমন, দক্ষিণ ছায়াবীথি এলাকার মো. আ. মালেকের ছেলে তৌহিদুল ইসলাম ওরফে প্রিতম ওরফে প্রিতু ওরফে ইতু, রথখোলা এলাকার সিদ্দিকের ছেলে আরিফ, সামন্তপুর এলাকার লেহাজ উদ্দিনের ছেলে মো. হানিফ এবং উত্তর বিলাসপুর এলাকার মৃত আইয়ুর আলীর ছেলে রিপন আহমেদ জুয়েল।

তাদের মধ্যে সেলিম, হানিফ, জুয়েল ও আসাদুল ইসলাম পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময় বাকি পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন।

এছাড়া আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। অন্য একটি ধারায় ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা, আরও একটি ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।
আদালতের অতিরিক্ত পিপি মো. আতাউর রহমান জানান, গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজের তৃতীয় বর্ষের ছাত্র শাহাদাত হোসেন সোহাগকে (২২) ২০১০ সালের ৮ জানুয়ারি বন্ধু বিহন কায়সার ফোন করে গাজীপুর জেলা শহরের রাজবাড়ি মাঠে আসতে বলে।

সোহাগ তার বন্ধু নাহিদকে সঙ্গে নিয়ে ওই মাঠে যায়। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে আসামিরা ছুরি, কিরিচ, ক্রিকেটের স্ট্যাম্প ইত্যাদি নিয়ে সোহাগের ওপর হামলা করে। পরে সোহাগকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সোহাগের পালিত বাবা আবুল হাসেম সুফি বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ