ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জন মারা গেছেন। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছেন। সোমবার (৫ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতদের মধ্যে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের তিনজন, নওগাঁর চারজন ও পাবনার একজন ও কুষ্টিয়ার একজন।
গত ২৪ ঘণ্টায় ৬৯ জন নতুন রোগী রামেক হাসপাতালে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজশাহীর ৩৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নাটোরের ১০ জন, নওগাঁর ৭ জন, পাবনা জেলার ৯ জন নতুন রোগী রয়েছেন। বর্তমানে ৪৯৫ জন চিকিৎসা নিচ্ছেন। তবে রামেক হাসপাতালে করোনা চিকিৎসার জন্য বিশেষায়িত শয্যা সংখ্যা ৪০৫টি।
এদিকে, রোববার (৪ জুলাই) রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে মোট ৬৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার রাজশাহী জেলায় আবারও ৩৩ দশমিক ৮৩ শতাংশ থেকে বেড়ে ৩৪ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে। তবে চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের হার ২৯ দশমিক ৪৭ শতাংশ থেকে আরও কমে ২১ দশমিক ৫ শতাংশে নেমেছে।


























