spot_img

কুষ্টিয়ায় শিশুকে গাছে ঝুলিয়ে নির্যাতন

কুষ্টিয়া প্রতিনিধি, জনতারআদালত.কম , ১০ আগষ্ট, ২০১৭ ।

 

এবার কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় মোবাইল চুরির অপবাদে আম গাছে বেঁধে দুই শিশুকে বেধড়ক মারপিট করেছে স্থানীয় ‘প্রভাবশালীরা’। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এই নির্যাতনের ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও দুই শিশুর পরিবারসূত্র জানায়, ৪-৫দিন আগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার চরমণ্ডলপাড়া এলাকার রূপালী নামে এক নারীর মোবাইল ফোন চুরি হয়। ওই ঘটনায় তারা একই এলাকার ৭ বছরের এতিম শিশু জুয়েল ও আসিফকে সন্দেহ করে।

বুধবার বিকেলের দিকে একই এলাকার প্রভাবশালী তানজিল ও মীর আক্কাস ওরফে মিরু বাড়ি থেকে তুলে নিয়ে তানজিলের শ্বশুরবাড়ির সামনে আমগাছের সাথে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক পেটায়।

এসময় শিশু দু’টি মোবাইল চুরি করেনি বলে শত আকুতি করলেও নির্যাতন থেকে রেহাই পায়নি। পরে শিশু আসিফের পরিবারের কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে আসিফকে ছেড়ে দেয় নির্যাতকরা। এদিকে বেধড়ক পিটুনিতে শিশু জুয়েল গুরুতর আহত হয়ে পড়লে রাতে স্থানীয়রা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দাযিত্বরত চিকিৎসক হুসাইন মহম্মদ শিহাব জানান, শিশু জুয়েলের শরীরে নির্যাতন ও রক্ত জমাট বাঁধার আলামত পাওয়া গেছে। নির্যাতিত শিশু জুয়েল চর মণ্ডলপাড়া গ্রামের সিরাজুলের ছেলে এবং আসিফ একই এলাকার নিশানের ছেলে।

কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার মেহেদি হাসান জানান, ছেলেটির ভাই বাদী হয়ে বুধবার রাতে তিনজনকে আসামি করে একটি মামলা করেছে।

মামলার পর পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে জানিয়ে তিনি বলেন, অপরজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ