ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
কাবুল বিমানবন্দরের বাইরে পলায়নরত আফগান নাগরিকদের হুড়োহুড়িতে সাতজনের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
গত রোববার দিনব্যাপী উত্তেজনার মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। ক্ষমতায় তালেবান আসার পর দেশটিতে চরম মানবিক বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করতে শুরু করেন বিশেষজ্ঞরা। নানান শঙ্কায় হাজারো নাগরিক কাবুল বিমানবন্দরে ভিড় করে। তারা আফগানিস্তান ছাড়ার জন্য মরিয়া হয়ে ওঠে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং রয়ে গেছে। আমরা যতটা সম্ভব নিরাপদে পরিস্থিতি ম্যানেজ করার জন্য যা যা করতে পারি তা করছি।
এর আগে চলতি মাসের ৩১ তারিখের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা ও নাগরিককে ধাপে ধাপে প্রত্যাহার করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। সরিয়ে নেয়ার কথা ছিল দেশটিতে যুক্তরাষ্ট্রের সহায়তা করা আফগানদেরও। তবে তার আগেই ১৫ আগস্ট দেশটি তালেবানের দখলে চলে যায়। এ কারণে সেখান থেকে লোকজনকে স্থানান্তরপ্রক্রিয়া জোরদার করা হয়।


























