কক্সবাজার প্রতিনিধি , জনতারআদালত.কম , ২৫ জুলাই, ২০১৭ ।

কক্সবাজারে পৃথক পাহাড়ধসে দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত পাঁচ জন।
মঙ্গলবার রাত ৩টার দিকে কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকা এবং রামু উপজেলার মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এর মধ্যে রামুতে দুইজন ও কক্সবাজার শহরে দুইজন নিহত হন। নিহতরা হলেন- রামুর সায়মা (৫) ও জিহান (৭) এবং শহরের মোহাম্মদ শাহেদ (১৮) ও সাদ্দাম হোসেন (২৮)।
এই ঘটনায় আহতরা হলেন- জিয়াউর রহমান (৩৫), তার স্ত্রী আনার কলি (২৯), দেলোয়ার হোসেন (২৫) ও আরফাত হোসেন (৩০)।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মালেক বলেন, কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকার পাহাড়ধসে ঘটনাস্থলে মারা যান শাহেদ। এখানে আহত তিনজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে সাদ্দাম নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চিকিৎসাধীন অন্য দুজন হলেন উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা এলাকার দেলোয়ার হোসেন (২৫) ও নিহত সাদ্দামের বড় ভাই আরফাত হোসেনকে (৩০)।
অপরদিকে কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকায় পাহাড়ধসের ঘটনায় সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের খামারপাড়ার নূরুল হকের ছেলে মোহাম্মদ শাহেদ (১৮) ও পিএমখালী ইউনিয়নের ধামনখালী এলাকার এরশাদ উল্লাহর ছেলে সাদ্দাম হোসেন (২৮) এর মৃত্যু হয়।
কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, শনিবার থেকে কক্সবাজার জুড়ে থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরও বৃষ্টিপাতের সম্ভাবনা এবং পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।


























