ডেস্ক রিপোর্ট , জনতার আদালত.কম , ১০ জুলাই, ২০১৭ ।

লন্ডনের ক্যামডন লক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোরে মার্কেটের কয়েকটি ফ্লোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দশটি ইউনিট, একটি বায়বীয় সিডার এবং প্রায় ৭০ জন ফায়ার সার্ভিসের কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
লন্ডন ফায়ার ব্রিগেড জানায় , ‘মার্কেটের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে খবরে বলা হয়, মার্কেটের কাছের ভবনগুলোতে বিস্ফোরণের আশংকা রয়েছে। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে।
লন্ডন অ্যাম্বুলেন্স সংস্থা এবং মেট্রোপলিটন পুলিশও ঘটনাস্থলে আছে। তবে আহত কাউকে দেখতে পাননি তারা।
লন্ডনে দর্শনার্থীদের জন্য এই মার্কেটটি খুবই জনপ্রিয়। সেখানে প্রায় সহস্রাধিক দোকান রয়েছে। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এই মার্কেটে বর্তমানে প্রতিবছর ২৮ লক্ষ দর্শনার্থীদের সমাগম ঘটে।



























