ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
করোনা মহামারির জন্য এবারও সৌদি আরবের বাইরে থেকে কেউ হজে যেতে পারবেন না।
শনিবার (১২ জুন) সৌদি সরকারের বরাতে বাংলাদেশের ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, কোভিড-১৯ মহামারি পরিস্থিতি বিবেচনায় এ বছরও সৌদি আরবের বাইরের কোনো দেশ থেকে হজযাত্রীরা হজের সুযোগ পাবেন না। সৌদি আরবের নাগরিক এবং সৌদি আরবে অবস্থানকারী অন্যান্য দেশের মুসলিমদের নিয়ে সীমিত আকারে হজ পালিত হবে।
অবশ্য গত ৩ জুন জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতাকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালও বলেছিলেন, করোনার কারণে সৌদি আরব হজ পালনের অনুমতি না দেয়ায় গত বছর হজযাত্রী পরিবহন বন্ধ ছিল। গতবারের মতো এবারও হজযাত্রী পরিবহন বন্ধ থাকবে।
করোনা মহামারির কারণে গত বছর বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে হজের সুযোগ ছিল না।
এবার সৌদি ও অন্যান্য নাগরিকসহ অনুমতি পাবে মোট ৬০ হাজার মুসলমান।
বৈশ্বিক মহামারিতে এখনও নাকাল গোটা বিশ্ব। কিছু দেশে পরিস্থিতির উন্নতি হলেও অনেক স্থানে তা আরও ভয়াবহভাবে ছড়িয়েছে। বাড়ছে প্রাণহানিও।


























