নিজস্ব প্রতিনিধি , জনতারআদালত.কম , ১৬ জুলাই, ২০১৭ ।

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় নির্ধারণ করে রোববার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন-ইসি।
নির্বাচন ভবনে বেলা সাড়ে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে রোডম্যাপ প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে জনগণের আকাঙ্ক্ষা পূরণে অন্যতম ৭টি বিষয়ে রাজনৈতিক দলসহ ছয় ধরনের অংশীজনের সঙ্গে সংলাপ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
৭টি করণীয় বিষয় হলো আইনি কাঠামোসমূহ পর্যালোচনা ও সংস্কার, কর্মপরিকল্পনার ওপর পরামর্শ গ্রহণ, সংসদীয় এলাকার নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ, জাতীয় পরিচয়পত্র প্রস্তুতকরণ এবং বিতরণ, ভোটকেন্দ্র স্থাপন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, নিবন্ধিত রাজনৈতিক দলের নিরীক্ষা এবং নির্বাচনে সংশ্লিষ্ট সকলের সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম গ্রহণ।
সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, নির্বাচনী রোডম্যাপের এই দলীলই সর্বশেষ নয়। সময় ও বাস্তবতার নিরীখে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে কমিশন কর্মকর্তারা আরো বাস্তবিক পদক্ষেপ গ্রহণ করবে। সময়ের প্রয়োজনে ঘোষিত রোডম্যাপে পরিবর্তন আসতে পারে।
রোডম্যাপে সুশীল সমাজ, রাজনৈতিক দল ও গণমাধ্যমের সঙ্গে সংলাপ, আইনি কাঠামোসমূহ পর্যালোচনা ও সংস্কার, নির্বাচন প্রক্রিয়া সহজ ও যুগোপযোগী করতে সংশ্লিষ্ট সবার পরামর্শ গ্রহণ করা হবে।
এছাড়াও সংসদীয় এলাকার নির্বাচনী সীমানা পুননির্ধারণ, নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন ও সরবরাহ, বিধি অনুসারে ভোটকেন্দ্র স্থাপন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন এবং নিবন্ধিত রাজনৈতিক দলের নিরীক্ষা, সুষ্ঠু নির্বাচনে সংশ্লিষ্ট সবার সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম গ্রহণ এবং আইন সংস্কার নিয়ে প্রস্তাবনা থাকবে।


























