ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ১৮ জুলাই, ২০১৭ ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুইটি বাসকে উল্টো পথে যেতে বাধা দেয়ায় পুলিশের এক সার্জেন্টকে পিটিয়েছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
সোমবার বিকাল ৫টার দিকে রাজধানীর বাংলামোটর এলাকায় এ ঘটনা ঘটে।
মারপিটের শিকার ওই সার্জেন্টের নাম কায়সার হামিদ।
ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বলেন, বিকালে শাহবাগের দিক থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দু’টি দোতলা বাস বাংলামোটরে সিগন্যালে এসে থামে। এ সময় কয়েকজন ছাত্র বাস থেকে নেমে কারওয়ান বাজারের (সোনারগাঁও ক্রসিং) দিক থেকে শাহবাগগামী গাড়িগুলোকে আটকে দোতলা বাস দু’টিকে উল্টো পথে নেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত সার্জেন্ট এসে বাধা দেন।
সার্জেন্টের সঙ্গে তাদের বাগ?বিতণ্ডা শুরু হয়। সার্জেন্ট ছাত্রদের চলতি ট্রাফিক আটকাতে নিষেধ করেন। একপর্যায়ে বাস থেকে আরও ছাত্ররা নেমে সার্জেন্টের ওপর চড়াও হয়ে মারধর শুরু করেন। এ সময় আবার কিছু শিক্ষার্থী হামলাকারীদের নিবৃত্ত করারও চেষ্টা করেন। তবে তাদের থামানো যাচ্ছিল না। ঘটনাস্থলে থাকা আরেক সার্জেন্ট দৌড়ে গিয়ে মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ শুরু করলে ছাত্ররা বাসে ফিরে যান। তখন বাস দু’টি সোজা পথেই কারওয়ান বাজারের দিকে রওনা হয়।
এ বিষয়ে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার মো. আলাউদ্দীন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুটি বাস বাংলামোটর থেকে উল্টো পথে যেতে চাইলে কর্তব্যরত সার্জেন্ট কায়সার হামিদ বাধা দেন। বাকবিতণ্ডার একপর্যায়ে তারা সার্জেন্টের ওপর চড়াও হন, কিছু ধাক্কাধাক্কি করেন। পরে অবশ্য বাস দুটি সোজা পথেই পাঠানো হয়েছে।


























