ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ২০ অক্টোবর, ২০১৭ ।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশনের সংলাপে আওয়ামী লীগের দেয়া ১১ দফা প্রস্তাবনা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক নয়। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ভয় ও শঙ্কার মধ্যে রয়েছে। এ কারণে তারা নির্বাচনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।
শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলেনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সবাই চায় সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও সেনাবাহিনী মোতায়েন। কিন্তু আওয়ামী লীগ চায় সেনাবাহিনী ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকুক, সেই কারণে তারা সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিতে চায় না । কীভাবে নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা যায়, কীভাবে ভোটের ফল পাল্টে দেওয়া যায় সেই কৌশল আছে ওই সব প্রস্তাবনায়।
অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন করা প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব জানিয়ে রিজভী বলেন, জনমতকে অগ্রাহ্য করে দলীয় সরকারের অধীনে ৫ জানুয়ারির মতো নির্বাচন করা হলে তা হবে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা। তাই নির্বাচন কমিশন যেন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন পরিচালনা করে।
এ সময় উপস্থিত ছিলেন- দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।


























