রবিউল হাসান লায়ন , জামালপুর, জনতারআদালত.কম । ২০ সেপ্টেম্বর, ২০১৭ ।

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে বুধবার ধর্ষণের বিরুদ্ধে জাগ্রত জামালপুর’ স্লোগান নিয়ে ‘ধর্ষণ ও নারী নিপীড়ন বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে যৌন নিপীড়ন বিরোধী নির্দলীয় ছাত্রজোট এর ‘জাগো মানুষ, জাগো বহ্নিশিখা’ ক্যাম্পেইন আজ ইসলামপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। এর অাগে গত মঙ্গলবার জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লাগাতার কর্মসূচী পালন করার মাধ্যমে ‘যৌন নিপীড়নবিরোধী নির্দলীয় ছাত্রজোট’ তার জেলা কর্মসূচীর যাত্রা শুরু করে।

অাজ বুধবার ইসলামপুরের সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়, ইসলামপুর নেক জাহান মডেল হাইস্কুল, জে জে কে এম বালিকা বিদ্যালয় এন্ড কলেজ, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ গার্লস স্কুল এন্ড কলেজ ও ইসলামপুর উচ্চ বিদ্যালয় সমূহের শিক্ষার্থীদের সমন্বয়ে ‘ধর্ষণ ও নারী নিপীড়ন বিরোধী ওই পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও অাগামী ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সরিষাবাড়ি উপজেলা, ২৩ সেপ্টেম্বর জামালপুর জেলা সদর, ২৪ সেপ্টেম্বর মেলান্দহ উপজেলা, ২৫ সেপ্টেম্বর দেওয়ানগঞ্জ উপজেলা ও ২৬ সেপ্টেম্বর বকশিগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলবে লাগাতার ধর্ষণ বিরোধী এ পদযাত্রা।

জাগো মানুষ, জাগো বহ্নিশিখা’ সংঠনটির আহবায়ক শিবলী হাসান বলেন, ময়মনসিংহ বিভাগে আমাদের কার্যক্রম এখন চলমান। গোটা দেশে এই কার্যক্রম পর্যায়ক্রমিকভাবে ছড়িয়ে দেয়া হবে। তিনি আরো বলেন, বিচারহীনতা ও আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার সুযোগে মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম নেয়া বাংলাদেশ আজ যেনো হয়ে উঠছে ধর্ষক, যৌন নিপীড়ক আর নির্যাতনকারীদের চারণভূমি। কী পাহাড়ে, কী সমতলে সবখানেই নারীরা আজ নানাবিধ নির্যাতনের শিকার হচ্ছেন। কী পুলিশ ব্যারাক, কী সেনাবাহিনীর সুরক্ষিত এলাকা— কোথাও নিরাপদ নন নারী। মসজিদের ভেতরেও নারীর বিরুদ্ধে ঘটছে ভয়াবহ যৌন নিপীড়ন। তাই নারী নিপীড়ন বন্ধে সরকারের পাশাপাশি নাগরিক হিসেবে আমাদেরকেও দায়িত্ব পালন করতে হবে।
“যৌন নিপীড়নবিরোধী নির্দলীয় ছাত্র জোট” ২০১৫ সাল থেকে সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে এই নিপীড়নবিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছে। ধর্ষকদের বিচারের প্রেক্ষিতে সুনির্দিষ্ট ৪টি দাবি নিয়ে পর্যায়ক্রমিকভাবে দেশব্যাপী এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। দাবিগুলো হলো- বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা কাটিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডের আইনি বিধান নিশ্চিত করা। ১৫৫ (৪) সংশোধন, ধর্ষিতাকে নয় বরং ধর্ষককে জেরা করতে হবে। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নারী সেল গঠনের মাধ্যমে নিপীড়িত নারীর সব ধরনের পরিচয় গোপন রেখে তার জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় সুবিধা নিশ্চিত করতে হবে।
জাগো মানুষ, জাগো বহ্নিশিখা’ সংঠনটির আহবায়ক শিবলী হাসান অারও বলেন, যৌন নিপীড়নবিরোধী নির্দলীয় ছাত্র জোট-এর পক্ষ থেকে নারী নিপীড়ন বিরোধী একটি সেল গঠন করা হয়েছে, যেখানে নির্যাতন নিপীড়নের শিকার নারীদের দেয়া হবে সব ধরনের সহায়তা। যে নারী নির্যাতনের শিকার হয়ে পুলিশের কাছে গিয়েও মামলা করতে পারছেন না অথবা স্থানীয় প্রভাবশালীর কারণে মামলা করতে ভয় পাচ্ছেন কিংবা বখাটেদের উৎপাতের কারণে দুঃসহ জীবন যাপন করছেন, সেই নিপীড়িত নারীদের সহায়তা দেবে তারা। এই নাম্বারে( ০১৭৭৮০২৪৬২৪) একটি কল দিলেই তাদের কর্মীরা পৌঁছে যাবে সহায়তার হাত বাড়িয়ে দিতে।


























