ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তানের পালিয়ে যাওয়া রাষ্ট্রপতি আশরাফ ঘানির সমর্থক সেদেশের এমন নাগরিকদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছিল ওয়াশিংটন। ঢাকা এ প্রস্তাব নাকচ করে দিয়েছে।
আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু আফগানকে সাময়িকভাবে বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র আমাদের অনুরোধ করেছে। তবে, আমরা তাদের বলেছি, আশ্রয় দিতে পারলে আমরাও খুশী হতাম, তবে আমরা ইতোমধ্যেই ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি। আমাদের আর কোনো শরণার্থীকে আশ্রয় দেওয়ার মতো পরিস্থিতি নেই।
এসময় ড. মোমেন বলেন, আফগানিস্তানে জনগণের সরকার হলে আমরা তাদের সঙ্গে থাকবো। আফগানিস্তানের পরিস্থিতি আমরা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘কয়েকদিন আগে কানাডিয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি আমাদের কাছে একটি প্রস্তাব দিয়েছে- তারা আমাদের দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পড়ালেখা শিখাতে চায়। সব খরচ তারা দিবে। আমি বললাম, আপনারা রাখাইনে যান। সেখানে এখনও ছয় লাখ রোহিঙ্গা রয়েছে। তাদের লেখাপড়া শেখান। তারা বলল, না। আমাদের প্রজেক্ট বাংলাদেশে আসা রোহিঙ্গাদের জন্য। তখন আমি বললাম, তাহলে তাদেরকে মিয়ানমারের কারিকুলাম অনুযায়ী শিক্ষা দেন, যাতে তারা নিজ দেশে ফিরে গিয়ে শিক্ষা অর্জন করতে পারে। তারা রাজি হল না।’


























