ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
চীন থেকে কেনা সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা আসছে আজ শনিবার (১৭ জুলাই)। রাতে পৃথক দুটি উড়োজাহাজে চীন থেকে সিনোফার্মের এ টিকা আসবে।
শুক্রবার (১৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশে চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান জানান, প্রতিটি উড়োজাহাজে ১০ লাখ ডোজ টিকা থাকবে। তিন মাসের মধ্যে চীন থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা আসবে। এর আগে প্রথম দফায় ২০ লাখ ডোজ টিকা এসেছিল।
গত ২৭ মে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব সবুজ সংকেত পায়। এরপর ১৪ জুলাই সিনোফার্মের টিকা আমদানির বিষয়টি চূড়ান্ত অনুমোদন পায়।
টিকা কেনার চুক্তি হওয়ার আগেই দুই দফায় সিনোফার্মের ১১ লাখ ডোজ ভ্যাকসিন উপহার পাঠিয়েছিল চীন সরকার। গত ৩ জুলাই রাতে ও ৪ জুলাই সকালে দুই চালানে আরও ২০ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে পৌঁছায়।
সে সময় সরকারের তরফ থেকে জানানো হয়েছিল, ওই ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশের ‘কেনা টিকারই অংশ’। দাম না বলে চীনা টিকার মূল্যছাড়ের খবর দিয়েছিলেন অর্থমন্ত্রী।


























