spot_img

আজ থেকে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৯ নভেম্বর, ২০১৭ ।

 

আজ সারাদেশে একযোগে শুরু হচ্ছে পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। এই পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ৩০ লাখ ৯৬ হাজার ৬৫ জন ক্ষুদে শিক্ষার্থী। প্রথমদিন ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় শুরু হয়ে বেলা দেড়টা পর্যন্ত চলবে এই পরীক্ষা।

এবার মোট পরীক্ষার্থীর মধ্যে প্রাথমিকে ২৮ লাখ চার হাজার ৫০৯জন এবং মাদ্রাসার ইবতেদায়িতে দুই লাখ ৯১ হাজার ৫৫৬জন পরীক্ষার্থী। আর পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১২ লাখ ৯৯ হাজার ৯৮৫ জন ও ছাত্রী ১৫ লাখ চার হাজার ৫২৪ জন। প্রাথমিকে ছাত্রের চেয়ে ছাত্রী সংখ্যা এক লাখ ৮৯ হাজার ৮০১ জন বেশি। এই দুই পরীক্ষায় গত বছর মোট ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন অংশ নিয়েছিল। এর আগে ২০১৫ সালে ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন ক্ষুদে শিক্ষার্থী এই সমাপনীতে অংশ নিয়েছিল।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান আজ সকাল ১১টায় মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

এবার দেশের সাত হাজার ২৬৭টি এবং বিদেশের ১২টি কেন্দ্রে সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে গত বছর থেকে দেশের ৬৪ জেলাকে বিশেষ আটটি অঞ্চলে ভাগ করে আট সেট প্রশ্ন ছাপিয়ে এই পরীক্ষা নেয়া হচ্ছে।

এবার ছাত্রদের থেকে এক লাখ ৮৯ হাজার ৮০১ জন বেশি ছাত্রী সমাপনীতে অংশ নিচ্ছে। এছাড়াও প্রাথমিক সমাপনীতে এবার দুই হাজার ৯৫৩ জন এবং ইবতেদায়ীতে ৩৭৯ জন বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এই শিক্ষার্থীদের অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে।

প্রাথমিক সমাপনী পরীক্ষার সূচি:
সূচি অনুযায়ী, আজ ১৯ নভেম্বর ইংরেজি, ২০ নভেম্বর বাংলা, ২১ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৩ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ২৬ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইবতেদায়ী পরীক্ষার সূচি:
আজ ইংরেজি, ২০ নভেম্বর বাংলা, ২১ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২২ নভেম্বর আরবি, ২৩ নভেম্বর কুরআন ও তাজবিদ এবং ২৬ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয় ২০০৯ সালে। আর ইবতেদায়ি পরীক্ষা শুরু হয় ২০১০ সালে। প্রথম দুই বছর বিভাগভিত্তিক ফল প্রকাশ করা হয়। ২০১১ সাল থেকে গ্রেডিং পদ্ধতিতে এই পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে। ২০১৩ সাল থেকে এই পরীক্ষার সময় আধ ঘণ্টা বাড়িয়ে আড়াই ঘণ্টা করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ