spot_img

আওয়ামী লীগ সরকার ভর্তুকি দিয়ে কৃষকদের কাছে সার পৌছে দিচ্ছে : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

আওয়ামী লীগ সরকার ভর্তুকি দিয়ে কৃষকদের কাছে সার পৌছে দিচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি জানান, কৃষি বাঁচাতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার। অথচ বিএনপি সরকারের আমলে সারের দাবিতে আন্দোলন করে কৃষককে গুলি খেতে হয়েছে। বিএনপি কখনোই চায়নি বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ন হোক।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের মানুষের অন্নের ব্যবস্থা করতে হবে। আগে খাদ্য নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের আজকের এই বাংলাদেশ গবেষণার ফলে সৃষ্টি হয়েছে। সে জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমাদের যারা কৃষি উৎপাদনের সঙ্গে জড়িত তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে বাংলাদেশ বিশ্বে ধান উৎপাদনে তৃতীয়, সবজি উৎপাদনে দ্বিতীয়, পাট উৎপাদনে দ্বিতীয়, চা উৎপাদনে চতুর্থ এবং আলু-আম উৎপাদনে সপ্তম স্থান অর্জন করতে আমরা সক্ষম হয়েছি।

শেখ হাসিনা বলেন, পতিত জমিতে কিভাবে ফসল ফলানো যায় তার জন্য মাটি নিয়ে গবেষণা চলছে। সেখানে গবেষণায় আমরা সাফল্য অর্জন করেছি। সরকার নতুন করে ৮০ হাজার হেক্টর পতিত জমি চাষাবাদের আওতায় আনতে সক্ষম হয়েছে বলেও জানান সরকার প্রধান। এখনও বহু জমি পতিত পড়ে আছে বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, আমাদের যে উন্নয়ন তাতে আমরা যথেষ্ট এগিয়ে যাচ্ছিলাম কিন্তু দুর্ভাগ্য হলো এই করোনা আসার পর বাংলাদেশ শুধু নয় বিশ্বব্যাপী একটা স্থবিরতা এসে গেছে। যেটা সব থেকে দুঃখজনক। আমাদের মতো ঘনবসতিপূর্ণ দেশের জন্য সব থেকে কষ্টকর। আমরা ইতোমধ্যেই করোনাকালীন সময়ে সাধারণ মানুষ যেন কষ্ট না পায় তার জন্য বিভিন্ন ব্যবস্থা নিচ্ছি।

কৃষিমন্ত্রী ড আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাউল ইসলাম। প্রধানমন্ত্রীর পক্ষে পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কৃষি মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত দুটি স্মারকগ্রন্থ উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সারাদেশে যে ১০০ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। এগুলো কৃষি প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলা হবে। করোনার কারণে অর্থনীতি ধাক্কা খেয়েছে তবুও অর্থনীতি চাঙ্গা রাখার চেষ্টা করছে সরকার।

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনার নতুন ভেরিয়েন্টে নতুন করে আরও অনেকে আক্রান্ত হচ্ছেন। আমি সবাইকে অনুরোধ করবো সবাই স্বাস্থ্যবিধিটা মেনে চলুন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ