রবিউল হাসান লায়ন , জামালপুর,
জনতারআদালত.কম , ১৬ জুলাই, ২০১৭ ।

জামালপুর পৌর এলাকার রশিদপুরে ১২ বছরের শিশুকন্যা তাঁর পাষন্ড পিতা দ্বারা ধারাবাহিক ধর্ষণের শিকার হয়ে পাঁচ মাসের গর্ভবতী হওয়ার ঘটনা ফাঁস হয়েছে। পিতার বিরুদ্ধে ওই শিশুর মায়ের অভিযোগের প্রেক্ষিতে জামালপুর সদর থানা পুলিশ শনিবার রাতে রশিদপুরে অভিযান চালিয়ে শিশুটির পিতা রবিউল ইসলাম ওরফে সাদা খালেককে গ্রেপ্তার করেছে।
শিশুটির মায়ের অভিযোগ, তার মেয়ে রশিদপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। মেয়ে গর্ভবতী হওয়ার বিষয়টি তার নজরে এলে মেয়ের কাছ থেকেই জানতে পারেন মেয়েটির বাবা রবিউল ইসলাম ওরফে সাদা খালেক নানা ভয়ভীতি দেখিয়ে মেয়েকে ধারাবাহিক ধর্ষণ করেছে। এতে মেয়েটি বর্তমানে পাঁচ মাসের গর্ভবতী।
এক পর্যায়ে শনিবার রাতে মেয়েকে সাথে নিয়ে শিশুটির মা জামালপুর সদর থানায় গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিমুল ইসলামের কাছে অভিযোগ করেন। অভিযোগ পেয়েই জামালপুর সদর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাতেই রবিউল ইসলাম ওরফে সাদা খালেককে রশিদপুরে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল ইসলাম জানান, ওই শিশু ও তার মায়ের অভিযোগ পেয়েই শিশুটির পাষন্ড পিতা রবিউল ইসলাম ওরফে সাদা খালেককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। গর্ভবতী শিশুটিকে তার মায়ের সাথে জামালপুর সদর থানায় মহিলা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।


























