মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও,
জনতারআদালত.কম , ১৬ জুলাই, ২০১৭ ।

এলাকার বহু দিনের আকাঙ্খিত ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী লাহিড়ী-বালিয়াডাঙ্গী সড়কের জাউনিয়া বাজারের পাশে নহনা নদীর উপর নবনির্মিত সেতুটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।
৪৫১৬ মিটার চেইনেজে জাউনিয়া নহনা নদীর উপর থাকা শতবর্ষী লোহার সেতুটি ভেঙ্গে গেলে এলাকার লোকজনসহ ঠাকুরগাঁও জেলার বহু ব্যবসায়ীর লাহিড়ী হাটে আসা একমাত্র যোগাযোগের রাস্তা বন্ধ হয়ে যায়। ২০১৬ সালে এলজিইডি প্রায় ১ কোটি ৮৩ লক্ষ টাকা ব্যয়ে ৩৪ মিটার দীর্ঘ এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়। যার নির্মাণ কাজ জুন মাসে শেষ হয়েছে।
সেতুটি নির্মাণ করেছে রংপুরের খায়রুল কবির রানা নামক ঠিকাদারী প্রতিষ্ঠান। উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম জানান, সেতুটির কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: দবিরুল ইসলাম এলাকায় নেই । তিনি এলেই সেতুটি উদ্বোধন করা হবে।
উপজেলার সাথে যোগাযোগের জন্য বড়বাড়ী, চাড়োল, ধনতলা, পাড়িয়া ইউনিয়নের মানুষের প্রধান সড়কের কারণে এই সেতু খুবই গুরুত্বপূর্ণ। নতুন এই সেতুটি লাহিড়ী-বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও যাতায়াতের সমস্যা সমাধানসহ অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে এলাকাবাসী ধারণা করছেন।


























