spot_img

জামিন নিয়ে ফেরার পথে ইমরান এইচ সরকারের ওপর ‘হামলা’

নিজস্ব প্রতিনিধি ,  জনতারআদালত.কম , ১৬ জুলাই, ২০১৭ ।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে স্লোগান দেওয়ার অভিযোগে করা মানহানির মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও সনাতন উল্লাস। আজ রোববার ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে ইমরান ও সনাতন আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে প্রত্যেককে ৫ হাজার টাকার মুচলেকায় জামিন দেন আদালত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে মিছিলের অভিযোগে গত ৩১ মে চীফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতে ইমরান ও সনাতন উল্লাসের নাম উল্লেখ করে মানহানির এ মামলা দায়ের করেন ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী। মামলায় অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করা হয়।

 এই মামলায় বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নোমান হোসাইন তালুকদার।

একই অভিযোগে ছাত্রলীগের সমাবেশ থেকে ইমরান এইচ সরকারকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

ইমরান এইচ সরকার বলেন, হয়রানিমূলক ও মিথ্যা মামলায় কোন আদালত থেকে আমি কোন নথিপত্র পাইনি। তারপরেও শুধু গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে আদালতে হাজির হওয়ায় আদালত আমাদেরকে জামিন দিয়েছেন। কিন্তু জামিন নিয়ে বের হওয়া মাত্র একদল সন্ত্রাসী আমার উপর লাঠিসোটা নিয়ে হামলা করে। এসময় আমাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়।

আদালত প্রাঙ্গণে এমন হামলার ঘটনায় ইমরান ক্ষোভ জানিয়ে বলেন, রাস্তায় প্রতিবাদ করলে মামলা হবে, আদালতে আসলে হামলা হবে, একটি সভ্য দেশে এসব বিষয় মেনে নেয়া যায় না। মানুষ এখন কোথাও নিরাপদ নয়।

এই হামলার প্রতিবাদে শাহবাগে রোববার বিকেল ৫টায় গণজাগরণ মঞ্চ প্রতিবাদ সমাবেশ করবে। সেখান থেকে পরবর্তী কর্মসূচি দেয়া হবে বলে জানান ইমরান ।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ